...
...
Next Story

২৭ জায়গার নামকরণে চিনা আপত্তিকে ফুৎকারে উড়িয়ে ভারত বলল,'অরুণাচল প্রদেশ হল..'

২৭ জায়গায় ভারতের নামকরণ প্রসঙ্গে চিনের আপত্তি নিয়ে এদিন প্রশ্ন করা হলে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, 'অরুণাচল হল ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য এবং কোনও কিছুই এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।'

Published on: Aug 11, 2026, 18:12:44 IST
Advertisement

নামকরণের রণকৌশলে চিনের অস্ত্রেই চিনকে কুপোকাত করতে সদ্য অরুণাচল প্রদেশ ও চিন অধিকৃত তিব্বতের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ২৭টি জায়গার ‘নাম বদলের’ প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে কর্যকর করেছে ভারত। সামনেই ভারতে ব্রিকস সম্মেলন। তার ঠিক আগে, সার্ভে অফ ইন্ডিয়া-র প্রকাশিত অরুণাচল প্রদেশের মানচিত্রে ওই নামকরণ যুক্ত জায়গাগুলি অন্তর্ভূক্ত করেছে দিল্লি। ব্যাপারটা মোটেও ভালোভাবে নেয়নি বেজিং। তারা এই ২৭ জায়গায় ভারতের নামকরণের পদক্ষেপে আপত্তি তোলে। আর চিনের সেই আপত্তি ফুৎকারে উড়িয়ে এদিন দিল্লি জানিয়ে দিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

২৭ জায়গার নামকরণে চিনা আপত্তিকে ফুৎকারে উড়িয়ে ভারত বলল,'অরুণাচল প্রদেশ হল..'. (ANI Photo) (Rupjyoti Sarma)
২৭ জায়গার নামকরণে চিনা আপত্তিকে ফুৎকারে উড়িয়ে ভারত বলল,'অরুণাচল প্রদেশ হল..'. (ANI Photo) (Rupjyoti Sarma)

২৭ জায়গায় ভারতের নামকরণ প্রসঙ্গে চিনের আপত্তি নিয়ে এদিন প্রশ্ন করা হলে, ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, 'অরুণাচল হল ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। এটি একটি স্বতঃসিদ্ধ সত্য এবং কোনও কিছুই এই বাস্তবতাকে পরিবর্তন করতে পারে না।' দিল্লির সাফ কথা, 'অরুণাচল প্রদেশের ‘সার্ভে অফ ইন্ডিয়া’-র মানচিত্রে আনুষ্ঠানিকভাবে এদের চিহ্নিত করার লক্ষ্য হল এদের সঠিক স্বীকৃতি ও বৃহত্তর জনসমাজে এ বিষয়ে আরও ভালো সচেতনতা গড়ে তোলা।' প্রসঙ্গত, ভারতের সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ২৭টি স্থানের মধ্যে রয়েছে 'লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল' বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অবস্থিত ‘লং জু’ এলাকা। ১৯৫৯ সালে চিনা বাহিনী এই এলাকায় প্রবেশ করলে এটি ভারত ও চিনের মধ্যে সংঘাতের অন্যতম প্রাথমিক কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এলাকা। নয়াদিল্লির দাবি ওই গ্রাম ভারতীয় ভূখণ্ডের অন্তর্গত। অনেকেই মনে করছেন, ব্রিকস সম্মেলনের আগে ভারতের মানচিত্রে আনুষ্ঠানিকভাবে এই এলাকাগুলি অন্তর্ভূক্ত করার অর্থই হল, দিল্লি, চিনের অস্ত্রেই চিনকে এই ভূখণ্ড ঘিরে কূটনৈতিক চাপে রাখতে চাইছে। প্রসঙ্গত, এর আগে, ২০২৪ সালে ভারতের আপত্তি উড়িয়ে এলএসি বরাবর রাজ্যটির ৩০টি জায়গার নাম বদলে চিনা নাম রেখেছিল বেজিং। অরুণাচল প্রদেশকে চিন তাদের দেওয়া নাম জাংনান বলে চিহ্নিত করে। তা নিয়ে প্রবল আপত্তি তোলে ভারত। নাম বদলের যে খেলা, চিন শুরু করে আধিপত্য দর্শানোর চেষ্টায় ছিল, সেই খেলাতে চিনের কৌশলেই কার্যত চিনকে মাত দিয়েছে দিল্লি। জাংনানের ১১টি আবাসিক এলাকা, ১২টি পাহাড়, চারটি নদী, একটি হ্রদ, একটি গিরিপথ এবং একটি উপত্যকা ছিল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe