পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ এখনও গলেনি। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত। এর মধ্যেই এবার ভারতকে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান। আগামী বছরের শুরুতে পাকিস্তানের সভাপতিত্বে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র সংস্কৃতিমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। প্রশ্ন উঠছে, পাকিস্তানের আমন্ত্রণে কি সে দেশে যাবেন ভারতের কোনও মন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাবেন, নাকি তাঁর পরিবর্তে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো হবে? কূটনৈতিক মহলে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আসলে চলতি মাসেই দিল্লিতে এসসিও-র প্রথম সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম অনুষ্ঠিত হয়েছে। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে পাকিস্তান-সহ এসসিও-র সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। পাকিস্তানের তরফে সেই আমন্ত্রণ গ্রহণ করে প্রতিনিধি হিসেবে দিল্লিতে আসেন সে দেশের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ভারত প্রথমে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইসলামাবাদ মুসাদিক মালিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়। এবার পালটা পাকিস্তানের সভাপতিত্বে আয়োজিত সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতও হয়। সেই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কোনও ভারতীয় মন্ত্রী পাকিস্তান সফর করেননি। যদিও সরকারি স্তরে এসসিও-র বিভিন্ন কর্মসূচিতে ভারতের প্রতিনিধিত্ব অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে বিদেশমন্ত্রকের অতিরিক্ত সচিব অলোক ডিমরি এসসিও-র জাতীয় সমন্বয়কদের বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছিলেন। পাকিস্তান এসসিও-র সভাপতিত্ব গ্রহণ করার পর আগামী বছরের কর্মসূচি চূড়ান্ত করতেই ওই বৈঠক হয়েছিল।
তাহলে কি এবার পাকিস্তানে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? কূটনৈতিক মহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে কোনও প্রবীণ মন্ত্রীকে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই তালিকায় সবচেয়ে সম্ভাব্য নাম জয়শঙ্করের। এর আগে ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শঙ্কর। এমনকী, ২০২৪ সালের অক্টোবর মাসে এসসিও-র সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ইসলামাবাদেও গিয়েছিলেন তিনি। ফলে এবারও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
{{/usCountry}}তাহলে কি এবার পাকিস্তানে যাবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? কূটনৈতিক মহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে কোনও প্রবীণ মন্ত্রীকে পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই তালিকায় সবচেয়ে সম্ভাব্য নাম জয়শঙ্করের। এর আগে ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শঙ্কর। এমনকী, ২০২৪ সালের অক্টোবর মাসে এসসিও-র সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে ইসলামাবাদেও গিয়েছিলেন তিনি। ফলে এবারও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
{{/usCountry}}শুধু সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক নয়, আগামী বছর এসসিও-র আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করতে চলেছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠক। সবশেষে আগস্ট মাসের শেষদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা এসসিও-র রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন। সাধারণত এই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তান প্রথমে ১৪ আগস্ট, নিজেদের স্বাধীনতা দিবসে সম্মেলন আয়োজনের কথা ভাবলেও এখন আগস্টের শেষভাগে আয়োজনের প্রস্তুতি চলছে। বর্তমান পরিস্থিতিতে মোদির ইসলামাবাদ সফরের সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করছেন ভারতীয় আধিকারিকদের একাংশ।
এদিকে দিল্লিতে পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিকের উপস্থিতি নিয়েও দেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের প্রশ্নের মুখে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছিল, এসসিও-র মতো বহুপাক্ষিক মঞ্চে অংশগ্রহণের অর্থ পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা নয়। বিশেষত পহেলগাঁও হামলার পর স্থগিত রাখা সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। নয়াদিল্লির বক্তব্য, সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অবস্থানে মৌলিক পরিবর্তন না এলে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনও সুযোগ নেই।
অতএব, এসসিও-র সংস্কৃতিমন্ত্রীদের বৈঠকে ভারত অংশ নিলেও সেটিকে ভারত-পাকিস্তান সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখার অবকাশ নেই। বরং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান ধরে রাখাই নয়াদিল্লির প্রধান লক্ষ্য হতে চলেছে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।