...
...
Next Story

Sheikh Hasina: 'হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে বাংলাদেশে ফেরাবে না ভারত', ব্যাখ্যা তারেকের সহকারী

রাশেদ খানের দাবি, শেখ হাসিনাকে ফাঁসির কাঠে ঝোলানোর জন্য ভারত কখনওই বাংলাদেশের হাতে তুলে দেবে না। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। রাশেদের মতে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য থেকেই বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Published on: Nov 26, 2026, 13:59:16 IST
Advertisement

ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁকে বাংলাদেশে ফেরানো নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। এবার সেই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, শেখ হাসিনাকে ফাঁসির কাঠে ঝোলানোর জন্য ভারত কখনওই বাংলাদেশের হাতে তুলে দেবে না। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে এই মন্তব্য করেন তিনি। রাশেদের মতে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য থেকেই বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Sheikh Hasina, 79, has lived in India since her government was ousted in a student-led uprising in August 2024 (PTI FILE) (HT_PRINT)
Sheikh Hasina, 79, has lived in India since her government was ousted in a student-led uprising in August 2024 (PTI FILE) (HT_PRINT)

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৪৯ মিনিটে ফেসবুকে পোস্ট করেন রাশেদ। সেখানে তিনি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাংবাদিক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর বক্তব্য, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি নিয়ে যে কোনও নাগরিক নিজের দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। রাশেদের দাবি, ভারতের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, হাসিনাকে ফেরানোর প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান সম্পূর্ণ আলাদা।

রাশেদ খান তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দেশে ফেরানো সম্ভব। অর্থাৎ, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ বলে মনে করছে ঢাকা। এই প্রসঙ্গেই রাশেদের মন্তব্য, বন্দি বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের বক্তব্য শুনে তাঁর মনে হয়েছে, তাঁকে ফাঁসির মুখে ঠেলে দেওয়ার জন্য ভারত কোনওভাবেই ফেরত পাঠাবে না। তাঁর আরও দাবি, শেখ হাসিনা যে আপাতত বাংলাদেশে ফিরছেন না, জয়সওয়ালের বক্তব্যে তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিকে, বুধবার সাংবাদিক বৈঠকে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের তরফে হাসিনার প্রত্যর্পণের যে আবেদন করা হয়েছে, তা ভারতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে কোনও নাগরিক প্রয়োজনীয় ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের আবেদন থেকে সম্পূর্ণ আলাদা বিষয়। হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বিষয়টিকে বাংলাদেশের সরকার ও প্রাক্তন প্রধানমন্ত্রীর মধ্যকার ব্যাপার বলেও উল্লেখ করেন।

তবে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সরাসরি এমন কোনও ঘোষণা করেননি যে, হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না। বরং তিনি জানিয়েছেন, বাংলাদেশের আবেদন নিয়ম মেনেই বিবেচনা করা হচ্ছে। ফলে রাশেদ খানের মন্তব্যকে ভারতের সরকারি অবস্থান হিসেবে দেখার অবকাশ নেই। তা সত্ত্বেও তাঁর এই বক্তব্য ঘিরে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks