...
...
Next Story

Indian Defence News: চিনা যন্ত্রাংশে তৈরি ড্রোন কিনছে ভারতীয় সেনা! ৬৮৯টি দরপত্র ঘিরে জাতীয় নিরাপত্তায় উদ্বেগ

গত প্রায় ছয় বছরে ভারতীয় সেনা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রকাশ করা ৬৮৯টি দরপত্রে চিনা ড্রোন অথবা চিনা সংস্থার তৈরি যন্ত্রাংশের উল্লেখ রয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ দরপত্রই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের।

Published on: Nov 22, 2026, 09:04:20 IST
Advertisement

চিনের সঙ্গে সীমান্তে সংঘাতের আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর নজরদারি এবং সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে ভারত। অথচ সেই ভারতীয় সেনাবাহিনীর ড্রোন কেনার দরপত্রেই উঠে আসছে চিনের সংস্থার তৈরি যন্ত্রাংশের নাম! বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ড্রোন শিল্পের সঙ্গে যুক্ত সংগঠন। তাদের দাবি, গত প্রায় ছয় বছরে ভারতীয় সেনা এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রকাশ করা ৬৮৯টি দরপত্রে চিনা ড্রোন অথবা চিনা সংস্থার তৈরি যন্ত্রাংশের উল্লেখ রয়েছে। এর মধ্যে ৮৪ শতাংশ দরপত্রই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। এই পরিস্থিতিকে দেশের নিরাপত্তার পক্ষে সম্ভাব্য বিপদ বলে সতর্ক করেছে ড্রোন ফেডারেশন ইন্ডিয়া (ডিএফআই)।

চিনা যন্ত্রাংশে তৈরি ড্রোন কিনছে ভারতীয় সেনা! ৬৮৯টি দরপত্র ঘিরে জাতীয় নিরাপত্তায় উদ্বেগ
চিনা যন্ত্রাংশে তৈরি ড্রোন কিনছে ভারতীয় সেনা! ৬৮৯টি দরপত্র ঘিরে জাতীয় নিরাপত্তায় উদ্বেগ

দ্য টাইমস অফ ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১০ মার্চ থেকে ২০২৬ সালের ১৯ নভেম্বর পর্যন্ত সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম)-এর দরপত্র খতিয়ে দেখে এই তথ্য সামনে এনেছে ডিএফআই। গত শুক্রবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস সুব্রহ্মণীর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে সংগঠনটি। তাতে চিনা যন্ত্রাংশের ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

পরিসংখ্যান বলছে, ৬৮৯টি দরপত্রের মধ্যে ৫৮০টিই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের। সবচেয়ে উদ্বেগের বিষয়, ২০২৬ সালের প্রথম থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৩৫৫টি এমন দরপত্র প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালে সারা বছরে এই সংখ্যাটি ছিল ১৯০। অর্থাৎ, এক বছরের মধ্যেই চিনা যন্ত্রাংশের উল্লেখ থাকা দরপত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ডিএফআইয়ের দাবি, এই প্রবণতা বন্ধ না হলে সামরিক ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীলতা থেকেই যাবে।

ডিএফআইয়ের বক্তব্য, ড্রোনের যন্ত্রাংশকে সাধারণ বৈদ্যুতিন সামগ্রী হিসেবে দেখলে চলবে না। মোটর, ফ্লাইট কন্ট্রোলার, রিসিভার, ক্যামেরা এবং ভিডিও ট্রান্সমিশন ব্যবস্থার মতো উপাদানের উপর ড্রোনের উড়ান, নিয়ন্ত্রণ এবং তথ্য আদানপ্রদান নির্ভর করে। ফলে এই ব্যবস্থায় চিনা প্রযুক্তির উপস্থিতি থাকলে সাইবার নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সেনার বিভিন্ন ইউনিট নিজেদের প্রয়োজনে আলাদা করে ড্রোন তৈরি করলে সব যন্ত্রাংশের নিরাপত্তা পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

এই পরিস্থিতিতে দরপত্রে চিনা সংস্থার যন্ত্রাংশ ব্যবহারের সুযোগ বন্ধ করা, দেশীয় নির্মাতাদের অগ্রাধিকার দেওয়া এবং প্রতিটি যন্ত্রাংশের উৎপত্তিস্থল বা কান্ট্রি অফ অরিজিন ঘোষণা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কেনা যন্ত্রাংশের উৎস সম্পর্কে স্বচ্ছ তথ্য রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের বক্তব্য, সরকারি ই-মার্কেটপ্লেস একটি নিরপেক্ষ কেনাকাটার প্ল্যাটফর্ম। সেখানে ক্রেতা নিজের ইচ্ছেমতো কোনও নির্দিষ্ট বিক্রেতা বা ব্র্যান্ডকে বেছে নিতে পারেন না। পণ্যের প্রয়োজনীয় বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। তার ভিত্তিতে বিক্রেতারা দর দেন। বড় অঙ্কের কেনাকাটায় উল্টো নিলামের ব্যবস্থাও রয়েছে। সেনাবাহিনীর তরফে পণ্যের গুণমান ও নির্দিষ্ট শর্ত পূরণের বিষয়টি যাচাই করা হয়। চিনা যন্ত্রাংশ ব্যবহারের তথ্য গোপন করে কোনও সংস্থা পণ্য সরবরাহ করলে তাদের কালো তালিকাভুক্ত করা হতে পারে বলেও জানিয়েছেন আধিকারিকেরা।

তবে প্রশ্ন উঠছে, আত্মনির্ভর ভারতের লক্ষ্য নিয়ে যখন দেশীয় প্রতিরক্ষা শিল্পকে উৎসাহ দেওয়া হচ্ছে, তখন সামরিক ড্রোনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ক্ষেত্রে চিনের উপর নির্ভরতা কেন? সীমান্তে চিনের মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। সেই সেনার প্রযুক্তিগত পরিকাঠামোয় চিনা সংস্থার তৈরি যন্ত্রাংশের উপস্থিতি যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে, তা স্পষ্ট।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks