...
...
Next Story

Indian Cricket Team's Tour to Bangladesh: হাসিনা ইস্যুতে টানাপোড়েন, ভারত-বাংলাদেশ সিরিজের সম্ভাবনা এখন 'ফিফটি-ফিফটি'

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিসিবির আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও সাম্প্রতিক ঘটনাবলির পর পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

Published on: Aug 7, 2026, 10:35:20 IST
Advertisement

Indian Cricket Team's Tour to Bangladesh: ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের জেরে ফের অনিশ্চয়তার মুখে পড়েছে দুই দেশের আসন্ন সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে ভারতের তিনটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি সেই সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশাবাদী, শেষ পর্যন্ত ভারতীয় দল সফরে আসবে।

ভারতের সাথে সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিসিবির আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
ভারতের সাথে সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিসিবির আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিরিজ আয়োজনের সম্ভাবনা নিয়ে বিসিবির আশা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। যদিও সাম্প্রতিক ঘটনাবলির পর পরিস্থিতি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বিসিবির একাধিক কর্তা মনে করছেন, বর্তমানে এই সিরিজ হওয়ার সম্ভাবনা কার্যত ‘ফিফটি-ফিফটি’ অবস্থায় রয়েছে।

সূত্রের খবর, বিসিবি সভাপতি তামিম ইকবালের সাম্প্রতিক ভারত সফরের সময় ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। মূলত ২০২৫ সালের আগস্টে এই সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর তা স্থগিত হয়ে যায়। পরে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি আয়োজনের পরিকল্পনা করা হলেও, গত বছরের শেষ থেকে চলতি বছরের শুরু পর্যন্ত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে বিষয়টি আবারও অনিশ্চয়তার মুখে পড়ে। এমনকি বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপেও অংশ নেয়নি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি জানিয়েছেন, বোর্ড এখনও সিরিজ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর কথায়, “আমরা এখনও আশা করছি ভারত-বাংলাদেশ সিরিজ হবে। এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে আমরা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছি এবং আলোচনা চালিয়ে যাচ্ছি।”

বিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বুধবারের ঘটনার আগে পর্যন্ত তাঁরা সিরিজ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। তাঁর কথায়, “আমরা এখনও পুরোপুরি হতাশ নই। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা ইতিবাচক ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির পর সিরিজ হওয়ার সম্ভাবনা এখন ৫০-৫০।”

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ক্রিকেট বরাবরই কূটনৈতিক সেতুবন্ধনের ভূমিকা পালন করে এসেছে। বিসিবিরও আশা ছিল, এই সিরিজ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ইতিবাচক ভূমিকা নেবে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি সেই আশায় ধাক্কা দিয়েছে।

বছরের শুরুতে প্রকাশিত বিসিবির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, ভারতীয় দল ২৮ আগস্ট বাংলাদেশ সফরে যাওয়ার কথা। ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সূচি নির্ধারিত ছিল। এখনও পর্যন্ত বিসিসিআইয়ের ক্যালেন্ডারেও এই সময়সূচি ফাঁকাই রয়েছে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত সিরিজ আয়োজনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির উপর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks