MEA on Indians joining Russian Army: টাকার লোভে রাশিয়ার সেনায় যোগ, পরে মুক্তির জন্য ভারতের কাছে আসছে! সতর্ক করল সরকার
MEA on Indians joining Russian Army: টাকার লোভে রাশিয়ার সেনায় যোগ। পরে মুক্তির জন্য ভারতের কাছে আসছে। সতর্ক করল ভারত সরকার। ভারত সরকারের তরফে বলা হয়েছে যে কোনও এজেন্টের চাকরির অফার গ্রহণ করার আগে সতর্কভাবে পা ফেলতে হবে।
MEA on Indians joining Russian Army: টাকার প্রলোভনে পা দিয়ে রাশিয়ান সেনায় যোগ না দেওয়ার আর্জি জানাল ভারত সরকার। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করে বলা হয়েছে যে চটজলদি আর্থিক লাভের আশায় ভালো করে সবটা যাচাই না করেই এরকম কোনও কাজে যেন যোগ না দেন ভারতীয়রা। আবার অনেক ক্ষেত্রে এজেন্টরা এক চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যাওয়ার পরে রুশ বাহিনীতে যোগ দিতে বাধ্য করছে বলে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্ক করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

বিপজ্জনক পথ এড়িয়ে চলুন, বার্তা ভারত সরকারের
মঙ্গলবার রাশিয়ায় যাওয়া ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যখন আর্থিক সুবিধা লাভের আশায় লোকজন স্বেচ্ছায় রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন এবং পরবর্তীতে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। আমরা আবারও স্পষ্টভাবে বলছি যে এটা বিপজ্জনক পথ এবং কঠোরভাবে সেই পথে চলার বিষয়ে নিরুৎসাহিত করছে ভারত সরকার।’
এজেন্টদের চাকরির প্রস্তাব নিয়ে সতর্ক থাকুন, বার্তা ভারতের
আবার ভারতের নাগরিকত্ব ছেড়ে রাশিয়ান পাসপোর্ট নিয়ে সেখানকার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।পাশাপাশি এজেন্টদের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় গিয়ে আটকে পড়ার পরে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে, যে এজেন্টরা বিদেশ মন্ত্রকে নথিভুক্ত নন, তাঁদের থেকে আসা কোনও চাকরির প্রস্তাব গ্রহণ করার আগে যেন যথাযথ সতর্কতা অবলম্বন করেন।’
রাশিয়ার হয়ে লড়তে গিয়ে কমপক্ষে ৫১ ভারতীয়ের মৃত্যু
এমনিতে ইউক্রেনে যুদ্ধের জন্য বিভিন্ন দেশ থেকে লোক নিযুক্ত করছে রাশিয়া। দিনকয়েক আগেই ইউক্রেনের আধিকারিকদের উদ্ধৃত করে একটি রিপোর্টে দাবি করা হয় যে কমপক্ষে ১৩৫টি দেশের নাগরিক রাশিয়ার হয়ে লড়াই করেছেন। যে তালিকায় ভারতও আছে।
মাসখানেক আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিযুক্ত করা হয়েছিল ২২৭ জন ভারতীয় নাগরিককে। তাঁদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। ১৩৯ জন মুক্তি পেয়েছেন। বাকি যাঁরা আছেন, তাঁদেরও যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মস্কোর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন ভারতের বিদেশ সচিব।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


