...
...
Next Story

Indian High Commissioner in Bangladesh: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মার বদলি, ঢাকায় পরবর্তী নিয়োগ ঘিরে জল্পনা

প্রণয় বর্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে গতকালই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

Published on: Apr 11, 2026, 09:14:36 IST
Advertisement

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে বদলি করা হল। তাঁকে এবার বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। এই মর্মে গতকালই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এর আগে সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রণয় বর্মা। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের প্রাক্কালে সেই বৈঠকটি হয়েছিল।

প্রণয় বর্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। ( Bangladesh PMO )
প্রণয় বর্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হচ্ছে। ( Bangladesh PMO )

এদিকে ঢাকায় প্রণয় বর্মার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, প্রণয় বর্মা ২০২২ সালের অগস্ট মাসে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রণয় বর্মা বাংলাদেশে নিযুক্ত থাকাকালীন সেখানে হাসিনার পতন ঘটেছে। ইউনুস সরকারের সঙ্গে ভারতের তিক্ততা বেড়েছে। ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়েছে। ভারত বিরোধী মিছিলে উত্তাল হয়েছে ঢাকা। হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য বারংবার দিল্লিকে বার্তা পাঠিয়েছে ঢাকা। আবার নির্বাচনের পরে তারেক রহমানের সরকারের সঙ্গে ফের ট্র্যাকে ফিরেছে ভারতের সম্পর্ক।

তারেক রহমান সরকার গঠন করার পরই বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে প্রণয় বর্মা বৈঠক করেছেন। আলোচনায় বসেছেন খোদ তারেক রহমানের সঙ্গেও। ভারত-বাংলাদেশ সম্পর্ককে ট্র্যাকে ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন প্রণয় বর্মা। এই আবহে গত ৬ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছিলেন প্রণয় বর্মা। সেই বৈঠকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকট নিয়ে তারেক এবং প্রণয়ের কথা হয় বলে জানা যায়। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর বিদেশ মন্ত্রক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়ে কথা হয়েছে দু'জনের। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও কথা হয় বৈঠকে। সেই বৈঠকে তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় বর্মা। এদিকে বৈঠকে নাকি প্রণয়কে তারেক বলেন, 'ইতিবাচক মানসিকতা বজায় রাখলে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি নতুন ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা সম্ভব।' ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাও বলেন, 'আপনার নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী ভারত।'

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe