...
...
Next Story

Indian Navy ship INS Sunayna: ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মাইলফলক! চট্টগ্রামে শুভেচ্ছা সফরে নৌবাহিনীর 'আইএনএস সুনয়না'

Indian Navy ship INS Sunayna: শুক্রবার যুদ্ধজাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ভারতীয় জাহাজের কমান্ডিং অফিসার, অন্যান্য আধিকারিক ও নাবিকদের স্বাগত জানিয়েছেন।

Published on: May 9, 2026, 16:37:24 IST
Advertisement

Indian Navy ship INS Sunayna: তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ 'আইএনএস সুনয়না।' শুক্রবার সকালে ভারতীয় রণতরীটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। চট্টগ্রামাস্থ বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। সামুদ্রিক সহযোগিতা ও আঞ্চলিক সমন্বয় জোরদারের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশ সফরে গিয়েছে। ভারত-বাংলাদেশ নৌ সহযোগিতা ও আঞ্চলিক নৌ-সমন্বয়ে এটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মাইলফলক! (সৌজন্যে টুইটার)
ভারত-বাংলাদেশ সম্পর্কে নয়া মাইলফলক! (সৌজন্যে টুইটার)

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে খবর, শুক্রবার যুদ্ধজাহাজটি বন্দরে পৌঁছালে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ভারতীয় জাহাজের কমান্ডিং অফিসার, অন্যান্য আধিকারিক ও নাবিকদের স্বাগত জানিয়েছেন। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস ব্যান্ড দল ঐতিহ্যবাহী রীতিতে ভারতীয় জাহাজটিকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এই অভ্যর্থনা অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে, 'আইএনএস সুনয়না' বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আলী হায়দার’ সেটিকে স্বাগত জানায়।

এই সফরকালে জাহাজের কমান্ডিং অফিসার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারের সমন্বয়ে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে ভারতীয় জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও নৌযানসমূহ পরিদর্শন করবেন। এর পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় নৌযানটি পরিদর্শন করবেন। সংশ্লিষ্টরা জানান, এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। আগামী ১০ মে সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে। চট্টগ্রাম সফরকে ভারত সরকারের ‘নেবারহুড ফার্স্ট’ নীতির অংশ এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের একটি বাস্তব উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks