...
...
Next Story

Indian Origin Couple killed in Canada: কানাডায় ওয়ালমার্টের সামনে খুন ভারতীয় বংশোদ্ভূত যুগল, টার্গেট কিলিংয়ের দাবি

কানাডার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে সারেতে ৮৮ অ্যাভিনিউ এবং ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণ ও এক তরুণীকে পড়ে থাকতে দেখা যায়।

Published on: Nov 22, 2026, 09:52:18 IST
Advertisement

কানাডায় ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত দুই তরুণ-তরুণীর। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সারেতে একটি ওয়ালমার্ট বিপণির সামনে পার্কিং লটে গুলি করে খুন করা হল তাঁদের। পুলিশের অনুমান, ঘটনাটি কোনও আকস্মিক হামলা নয়। পরিকল্পনা করেই ওই যুগলকে নিশানা করা হয়েছিল। এর পিছনে সংগঠিত অপরাধচক্রের হাত থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারীদের। মৃতদের নাম গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং সুখজিৎ কৌর। দু'জনেরই বয়স কুড়ির কোঠায়। গত ১৫ নভেম্বর রাতে এই জোড়া খুনের ঘটনা ঘটলেও তদন্তে নতুন তথ্য সামনে এসেছে সম্প্রতি।

কানাডায় ওয়ালমার্টের সামনে খুন ভারতীয় বংশোদ্ভূত যুগল, টার্গেট কিলিংয়ের দাবি
কানাডায় ওয়ালমার্টের সামনে খুন ভারতীয় বংশোদ্ভূত যুগল, টার্গেট কিলিংয়ের দাবি

কানাডার সংবাদমাধ্যম সূত্রে খবর, গত রবিবার রাত প্রায় ১০টা ৩৮ মিনিটে সারেতে ৮৮ অ্যাভিনিউ এবং ১২৪ স্ট্রিটের কাছে ওয়ালমার্টের পার্কিং লটে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও জরুরি পরিষেবার কর্মীরা। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক তরুণ ও এক তরুণীকে পড়ে থাকতে দেখা যায়। তাঁদের বাঁচানোর জন্য ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন উদ্ধারকারীরা। পরে দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

পরে তদন্তে নেমে মৃতদের পরিচয় প্রকাশ করে কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি)। জানা যায়, ২৩ বছরের গগনপ্রীত রেহাল এবং ২৪ বছরের সুখজিৎ কৌর দু'জনেই ব্রিটিশ কলম্বিয়ার ডেল্টা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা সম্পর্কে প্রেমিক-প্রেমিকা বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তদন্তকারীদের নজরে এসেছে, ঘটনাটি নিছক ছিনতাই বা আচমকা গোলাগুলির ঘটনা নয়। আইএইচআইটির সার্জেন্ট ফ্রেডা ফং জানিয়েছেন, প্রাথমিকভাবে এই হামলায় সংগঠিত অপরাধচক্রের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। তাঁদের অনুমান, দু'জনকেই নির্দিষ্টভাবে নিশানা করা হয়েছিল। তবে কোনও নির্দিষ্ট গ্যাংয়ের সঙ্গে নিহতদের যোগ ছিল কি না, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তদন্তে গগনপ্রীতকে ঘিরেও কিছু তথ্য সামনে এসেছে। পুলিশের সঙ্গে অতীতে অস্ত্র ও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় তাঁর যোগাযোগ হয়েছিল। অন্যদিকে, সুখজিতের কানাডায় পরিচিতির পরিসর সীমিত ছিল বলে তদন্তকারীদের বক্তব্য। তবে এই তথ্যের ভিত্তিতে খুনের কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ।

এখনও পর্যন্ত এই জোড়া খুনের ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ১৫ নভেম্বর রাত ১০টা থেকে ১১টার মধ্যে ওই এলাকায় যাঁরা ছিলেন, তাঁদের কাছে সিসিটিভি ফুটেজ, ড্যাশ ক্যামেরার ভিডিও বা অন্য কোনও তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

বিদেশের মাটিতে ভারতীয় বংশোদ্ভূতদের উপর এ ধরনের হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে সংগঠিত অপরাধচক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকার সম্ভাবনা কানাডায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট হবে না।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks