...
...
Next Story

The Hundred: 'নো হ্যান্ডশেক' নীতির মধ্যেই বড় চমক! পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের

The Hundred: বৃহস্পতিবার ব্রিটেনে আয়োজিত 'দ্য হানড্রেড' টুর্নামেন্টে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দলগুলির মধ্যে ম্যাচ শেষে পাকিস্তানের অলরাউন্ডার ফাতিমা সানার সঙ্গে করমর্দনের পাশাপাশি তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছেন ভারতের তারকা ব্যাটার জেমাইমা রদ্রিগেস।

Published on: Aug 1, 2026, 12:16:21 IST
Advertisement

The Hundred: সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এটাই ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআই)‌ অঘোষিত নীতি। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের তিনটি ম্যাচেই সে দেশের ক্রিকেটারদের সঙ্গে কোনওরকম হ্যান্ডশেকের রাস্তায় যায়নি ভারতীয় দল। মহিলাদের বিশ্বকাপেও একই রাস্তায় হেঁটেছিলেন হরমনপ্রীত কৌররা। যুব এশিয়া কাপেও একই ছবি দেখা যায়। সেখানেও পাক প্রতিপক্ষের সঙ্গে করমর্দন করেনি টিম ইন্ডিয়া। ২০২৫ সালে পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর থেকেই ‘নো হ্যান্ডশেক’ রীতি চলেছে ভারত ও পাক ক্রিকেটারদের মধ্যে। একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দুই দলের প্লেয়াররা। আরও তিক্ত হয়েছে সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের বরফ কী গলছে?

পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের (সৌজন্যে টুইটার)
পাক অলরাউন্ডারকে উষ্ণ আলিঙ্গন ভারতীয় ব্যাটারের (সৌজন্যে টুইটার)

বৃহস্পতিবার ব্রিটেনে আয়োজিত 'দ্য হানড্রেড' টুর্নামেন্টে নিজস্ব ফ্র্যাঞ্চাইজি দলগুলির মধ্যে ম্যাচ শেষে পাকিস্তানের অলরাউন্ডার ফাতিমা সানার সঙ্গে করমর্দনের পাশাপাশি তাঁকে উষ্ণ আলিঙ্গন করেছেন ভারতের তারকা ব্যাটার জেমাইমা রদ্রিগেস। ম্যাচ শেষে তাঁদের এই আলিঙ্গনের মুহূর্ত এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য হান্ড্রেড’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল 'সাদার্ন ব্রেভ' ও 'বার্মিংহাম ফিনিক্স।' ২৪ রানে ম্যাচ জেতে জেমাইমার দল 'সাদার্ন ব্রেভ।' গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানো বা দূরত্ব বজায় রাখার নীতি মেনে চলছিল ভারতীয় দল। তবে বৃহস্পতিবারের ম্যাচের আমেজ ছিল একেবারেই ভিন্ন। চর্চা চলছিল ম্যাচ শেষে ফাতিমার সঙ্গে জেমাইমা হাত মেলাবেন কিনা। কিন্তু খেলা শেষ হওয়ার পরপরই একে অন্যকে উষ্ণ আলিঙ্গন করে ক্রিকেটপ্রেমীদের চমকে দেন তাঁরা। মুহূর্তের মধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আবহে এই ঘটনায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks