ভারতে দীপাবলির উৎসব শেষ হতেই লাহোরের বিষাক্ত বাতাসের জন্য নয়াদিল্লিকে কাঠগড়ায় তুলল পাকিস্তান। শহরের বায়ুদূষণ ভয়াবহ জায়গায় পৌঁছতেই ভারতের দীপাবলির আতশবাজি এবং ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ধোঁয়াকে দায়ী করলেন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের পরিবেশমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। তাঁর দাবি, ভারতের একাধিক শহর থেকে দূষিত বাতাস সীমান্ত পেরিয়ে লাহোরে ঢুকেছে। তার জেরেই শহরের বায়ুর গুণমান দ্রুত খারাপ হয়েছে। এমনকি দিল্লি, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, বঠিন্ডা এবং ফিরোজপুরের মতো শহর থেকে দূষিত বাতাস পাকিস্তানে পৌঁছেছে বলেও অভিযোগ করেছেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে ভারত-পাকিস্তান চাপানউতোর শুরু হয়েছে।
লাহোরের বাতাসে বিষ, দোষ ভারতের দীপাবলির!

গত কয়েক দিন ধরেই ভয়াবহ বায়ুদূষণে জেরবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশ। বিশেষ করে লাহোরের পরিস্থিতি উদ্বেগজনক। শহরের বিভিন্ন জায়গায় বায়ুর গুণমান সূচক বা AQI ৬০০ পেরিয়ে যায়। ৯ নভেম্বর সকালে একটি পর্যবেক্ষণ কেন্দ্রে AQI পৌঁছেছিল ৬৪৮-এ। ওই দিন সকাল ৯টায় শহরের গড় AQI ছিল ৪৮৯। পরে বিকেল ৩টের মধ্যে তা কমে ২৩২ হয়।
অন্য দিকে, সুইৎজারল্যান্ডের সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবারও বিশ্বের সবচেয়ে দূষিত বড় শহরের তালিকায় শীর্ষে ছিল লাহোর। ওই দিন শহরের AQI ছিল ২৬৩। বাতাসে বিপজ্জনক PM2.5 কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মাত্রার ৩৭.২ গুণ বেশি ছিল।
এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন মরিয়ম আওরঙ্গজেব। তাঁর বক্তব্য, দীপাবলিতে ব্যাপক আতশবাজির ফলে বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার পরিমাণ বেড়েছে। পাশাপাশি ভারতের বিভিন্ন এলাকায় নাড়া পোড়ানোর ধোঁয়াও লাহোরের দিকে এসেছে। পূর্ব দিকের বাতাস সেই দূষণ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে নিয়ে গিয়েছে বলে দাবি তাঁর।
কোন কোন শহরকে দায়ী করলেন মরিয়ম?
পাক মন্ত্রীর অভিযোগ, ভারতের অমৃতসর, লুধিয়ানা, জলন্ধর, পাতিয়ালা, বঠিন্ডা, ফিরোজপুর, ফাজিলকা, খেমকরন এবং তরনতারন থেকে দূষিত বাতাস লাহোরে পৌঁছেছে। তাঁর দাবি, ৭ নভেম্বর লাহোরের AQI ছিল ২৭২। দীপাবলির দিন ৮ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৩৫। পরের দিন আরও ভয়াবহ হয় পরিস্থিতি।
{{/usCountry}}পাক মন্ত্রীর অভিযোগ, ভারতের অমৃতসর, লুধিয়ানা, জলন্ধর, পাতিয়ালা, বঠিন্ডা, ফিরোজপুর, ফাজিলকা, খেমকরন এবং তরনতারন থেকে দূষিত বাতাস লাহোরে পৌঁছেছে। তাঁর দাবি, ৭ নভেম্বর লাহোরের AQI ছিল ২৭২। দীপাবলির দিন ৮ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ৩৩৫। পরের দিন আরও ভয়াবহ হয় পরিস্থিতি।
{{/usCountry}}তবে মরিয়ম জানিয়েছেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নেতৃত্বে দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করা হয়েছে। স্থানীয় ভাবে দূষণ ছড়ানোর উৎসগুলির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। আবহাওয়ার পরিবর্তন এবং বাতাসের গতিপথ বদলানোর ফলেও পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি তাঁর।
পাকিস্তানের দাবিকে ঘিরেও প্রশ্ন
তবে ভারতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশ বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, বাতাসের গতিপথ এবং গতিবেগের উপর নির্ভর করে দূষণ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। কিন্তু লাহোরের দূষণের জন্য শুধুমাত্র ভারতের আতশবাজিকে দায়ী করা যায় না। স্থানীয় যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানা, নির্মাণকাজের ধুলো এবং কৃষিজ বর্জ্য পোড়ানোর মতো একাধিক কারণ রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ প্রকাশিত পাকিস্তান এয়ার কোয়ালিটি ইনিশিয়েটিভের একটি রিপোর্টেও ভারতের দীপাবলির আতশবাজিকে সরাসরি দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বাতাসের গতিপথ ভারতে ঢুকে পাকিস্তানের দিকে গিয়েছে ঠিকই, কিন্তু লাহোরের দূষণ বৃদ্ধির জন্য আতশবাজির ধোঁয়াকেই দায়ী করা যাচ্ছে না।
উল্লেখ্য, ভারতের বিদেশ মন্ত্রক এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। সব মিলিয়ে দীপাবলির আতশবাজি ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে নতুন করে পরিবেশগত বিতর্ক তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, সীমান্তের দুই পারেই দূষণ মোকাবিলায় যৌথ উদ্যোগ জরুরি। কারণ দূষণের কোনও আন্তর্জাতিক সীমান্ত নেই।