শুধুমাত্র রাষ্ট্রীয় ল্যাবরেটারি বা বিদেশি বাণিজ্যিক স্যাটেলাইট অপারেটরদের ওপর নির্ভরতা কমিয়ে এবার উন্নতমানের সামরিক গোয়েন্দা সরঞ্জাম দেশে তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। শত্রুকে কুপোকাত করতে এবার মহাকাশ কেন্দ্রিক ভারতীয় প্রতিরক্ষাকে আরও জোরদার করতে এবার দেশে নির্মিত এআই শক্তিধর স্যাটেলাইট নেটওয়ার্ক নিয়ে বড় চুক্তি সম্পন্ন করল ভারতের প্রযুক্তি উন্নয়ন বোর্ড। এই বোর্ড বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ডিএসটি)র অধীনে রয়েছে। প্রযুক্তি উন্নয়ন বোর্ড (টিডিবি), বেঙ্গালুরু-ভিত্তিক ডিপ-টেক স্টার্টআপ অ্যাস্ট্রোম টেকনোলজিসের সাথে ৬৪.০৫ কোটি টাকার একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে।

সরকারের গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) তহবিলের মাধ্যমে এই মূলধনটি একটি দেশীয়, কৃত্রিম বুদ্ধিমত্তা(AI)-চালিত ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ইএলআইএনটি) স্যাটেলাইট কনস্টেলেশন সংক্রান্ত ডিজাইন ও স্থাপনের জন্য ১২৮.১১ কোটি টাকার একটি কর্মসূচিতে সহায়তা করবে ।
সাধারণত অপটিক্যাল স্পাই (গুপ্তচর) স্যাটেলাইটগুলি দৃশ্য গুলির ছবি তোলে। তবে তার মাঝে মেঘ চলে এলে বা অন্ধকার হলে, সেই কাজ বাধাগ্রস্ত হয়। সেই জায়গায় এই ‘ইলেকট্রনিক ইন্টেলিজেন্স (ইএলআইএনটি) স্যাটেলাইট কনস্টেলেশন’, স্থল, সমুদ্র এবং আকাশ থেকে আসা রেডিও-ফ্রিকোয়েন্সি ও রাডার ট্রান্সমিশনকে শনাক্ত, ভূ-অবস্থান নির্ণয় এবং বিশ্লেষণ করে। এই কর্মসূচির অধীনে, অ্যাস্ট্রোম প্রায় ৫০ কিলোগ্রাম ওজনের দ্রুতগামী মাইক্রোস্যাটেলাইটের একটি আন্তঃসংযুক্ত বহর তৈরি করবে, যা সংবেদনশীল সীমান্ত ও সামুদ্রিক অঞ্চলে নিরবচ্ছিন্ন, বিস্তৃত এলাকা জুড়ে কভারেজ এবং দ্রুত পুনঃদর্শন হার নিশ্চিত করতে লো আর্থ অরবিটে (LEO) পরিচালিত হবে।
উল্লেখ্য, মহাকাশে উচ্চ-ফ্রিকোয়েন্সির কক্ষপথে গোয়েন্দা তথ্য সুরক্ষিত করতে সাধারণত, ব্যয়বহুল সরকারি উৎক্ষেপণ অথবা বিদেশী সরবরাহকারীদের কাছ থেকে বাণিজ্যিক স্যাটেলাইট ফিড ক্রয় করার প্রয়োজন হত। সেক্ষেত্রে ডেটা ফিল্টারিং বা সংকটকালীন ভূ-রাজনৈতিক নিষেধাজ্ঞার মতো বিষয়গুলি অনেক সময়ই ঝুঁকি বা বাধা তৈরি করেছে লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে।জানা যাচ্ছে, সার্বভৌম এআই-চালিত সিগন্যাল ইন্টেলিজেন্স, ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোকে উপমহাদেশ এবং বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে রিয়েল-টাইম, পরিস্থিতিগত সচেতনতা প্রদান করবে। যা শত্রু দমনে একটি বড় দিক।