...
...
Next Story

অপারেশন ব্লু স্টারের ছবি দেখে কেঁদে ফেলেছিলেন ইন্দিরা গান্ধী, সোনিয়ার বইয়ে চাঞ্চল্যকর দাবি

বইতে সোনিয়ার দাবি, ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযানের পর সেখানকার ধ্বংসের ছবি দেখে কেঁদে ফেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু তাই নয়, ওই অভিযানের পর নিজের জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর। এমনকী মৃত্যুর প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন ইন্দিরা।

Published on: Nov 10, 2026, 11:39:21 IST
Advertisement

অপারেশন ব্লু স্টারের ক্ষত কতটা গভীর ছিল, তা নিয়ে নতুন করে চর্চা শুরু হল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটি বক্তব্যকে ঘিরে। তাঁর দাবি, ১৯৮৪ সালে অমৃতসরের স্বর্ণমন্দিরে সেনা অভিযানের পর সেখানকার ধ্বংসের ছবি দেখে কেঁদে ফেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু তাই নয়, ওই অভিযানের পর নিজের জীবন নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর। এমনকী মৃত্যুর প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন ইন্দিরা। নাতি রাহুল গান্ধীকে ডেকে বলেছিলেন, কোনও খারাপ ঘটনা ঘটলে সাহস রাখতে হবে, কান্নাকাটি করা চলবে না। সোনিয়ার নতুন বই ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ প্রকাশের আগে এই মন্তব্য সামনে আসতেই পঞ্জাবের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Sonia Gandhi’s memoir, Belonging, recalls family meals with Rajiv and Indira Gandhi
Sonia Gandhi’s memoir, Belonging, recalls family meals with Rajiv and Indira Gandhi

সোমবার প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বই প্রকাশের আগে ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া সাক্ষাৎকারে এই স্মৃতির কথা জানিয়েছেন সোনিয়া। তিনি জানান, অপারেশন ব্লু স্টারের পর স্বর্ণমন্দিরের ক্ষয়ক্ষতির ছবি ইন্দিরা গান্ধীকে দেখানো হয়েছিল। সেই ছবি দেখে অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন তিনি। তাঁর চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল। সেনা অভিযানের ভয়াবহ পরিণতি তাঁকে গভীর ভাবে আঘাত করেছিল বলে জানিয়েছেন সোনিয়া।

মৃত্যুর আশঙ্কা করেছিলেন ইন্দিরা

অপারেশন ব্লু স্টারের পর থেকেই ইন্দিরা গান্ধীকে একাধিক প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন সোনিয়া। পরিস্থিতি যে কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, তা বুঝতে পেরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সোনিয়ার কথায়, ইন্দিরা তাঁদের জানিয়েছিলেন, তাঁর মৃত্যু হলে পরিবারের সদস্যদের কী করতে হবে। অর্থাৎ, নিজের পরিণতি সম্পর্কে তিনি অনেকটাই আঁচ করতে পেরেছিলেন।

সোনিয়া আরও জানিয়েছেন, নাতি রাহুলকে সাহসী হওয়ার পরামর্শ দিয়েছিলেন ইন্দিরা। তাঁকে বলেছিলেন, কোনও কারণে তাঁর মৃত্যু হলে রাহুলকে শক্ত থাকতে হবে। কাঁদা চলবে না। এই স্মৃতিচারণের মাধ্যমে ইন্দিরার রাজনৈতিক জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত উদ্বেগ ও মানসিক অবস্থার কথাও সামনে এনেছেন সোনিয়া।

কেন হয়েছিল অপারেশন ব্লু স্টার?

সোনিয়ার এই মন্তব্য সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ করেছে শিরোমণি আকালি দল। দলের মুখপাত্র অর্শদীপ সিং কলেরের বক্তব্য, অপারেশন ব্লু স্টার কোনও সাধারণ সেনা অভিযান ছিল না। এটি শিখ সম্প্রদায় এবং তাদের পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান আকাল তখতের উপর সরাসরি আঘাত। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করে এই অভিযান চালানো হয়েছিল। এই ঘটনার যন্ত্রণা আগামী প্রজন্মের শিখদের মনেও থেকে যাবে।

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রসঙ্গ টেনেও কংগ্রেসকে আক্রমণ করেছেন তিনি। কলেরের দাবি, ওই দাঙ্গায় নিরীহ শিখদের হত্যা করা হয়েছিল। যাঁরা পরিবারের সদস্যদের হারিয়েছেন, বাড়িঘর পুড়তে দেখেছেন, তাঁদের কাছে গিয়ে কংগ্রেস নেতাদের ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

কংগ্রেসের পাল্টা বক্তব্য

আকালি দলের আক্রমণের জবাব দিয়েছে কংগ্রেসও। পঞ্জাব কংগ্রেসের কার্যকরী সভাপতি রাজকুমার ভেরকার দাবি, কংগ্রেস কখনও অপারেশন ব্লু স্টারকে সমর্থন করেনি। দল সব সময় পঞ্জাবের মানুষের পাশে থেকেছে। স্বর্ণমন্দিরে সোনিয়া ও রাহুল গান্ধীর যাওয়ার প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। সোনিয়ার বই প্রকাশের দিনেই এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। পঞ্জাবে আগামী বিধানসভা নির্বাচনের আগে অপারেশন ব্লু স্টার এবং ১৯৮৪ সালের দাঙ্গার স্মৃতি ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks