...
...
Next Story

বাংলাদেশের পথে চিনের পাঠানো ৪০৫ টন বিস্ফোরক আটক ইন্দোনেশিয়ায়! নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। ২০ নভেম্বর বেলাওয়ানে সাংবাদিক সম্মেলনে অভিযানের কথা প্রকাশ্যে আনা হয়।

Published on: Nov 23, 2026, 09:09:52 IST
Advertisement

চিন থেকে বাংলাদেশে যাওয়ার পথে বিপুল পরিমাণ কৌশলগত রাসায়নিক আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের একটি পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার হয়েছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। রকেটের কঠিন জ্বালানি এবং নির্দিষ্ট ধরনের বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত এই রাসায়নিকের বিপুল চালান ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে এর আগে চিন থেকে ইরানে ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল পাঠানোর অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ায় কৌশলগত রাসায়নিকের সরবরাহে বেজিংয়ের ভূমিকা কী? ভারতের প্রতিবেশী বাংলাদেশকে গন্তব্য করে এমন চালান যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নজর পড়ছে নয়াদিল্লিরও।

বাংলাদেশের পথে চিনের পাঠানো ৪০৫ টন বিস্ফোরক আটক ইন্দোনেশিয়ায়! নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের
বাংলাদেশের পথে চিনের পাঠানো ৪০৫ টন বিস্ফোরক আটক ইন্দোনেশিয়ায়! নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভারতের

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। ২০ নভেম্বর বেলাওয়ানে সাংবাদিক সম্মেলনে অভিযানের কথা প্রকাশ্যে আনা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে এমভি স্টার লাইনকে থামায়। জাহাজটি চিন থেকে বাংলাদেশে যাচ্ছিল এবং জ্বালানি নেওয়ার জন্য ইন্দোনেশিয়ার জলসীমায় অবস্থান করছিল বলে জানানো হয়েছে।

নৌসেনার তল্লাশিতে জাহাজের মোট ৩৬টি কনটেনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। শুধু রাসায়নিকের পরিমাণ নয়, জাহাজটির কাগজপত্র নিয়েও গুরুতর অসংগতি ধরা পড়েছে। নথিতে নিবন্ধনের মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত দেখানো হলেও কর্তৃপক্ষের কাছে জাহাজটির রেজিস্ট্রেশন স্থগিত থাকার তথ্য উঠে আসে। ফলে জাহাজটির বৈধতা এবং বিপজ্জনক পণ্য পরিবহণের অনুমতি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

রাসায়নিক বিশেষজ্ঞদের কাছে সোডিয়াম পারক্লোরেট গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী অক্সিডাইজার বা জারক পদার্থ। এটি নিজে তৈরি বিস্ফোরক নয়। তবে প্রক্রিয়াকরণের মাধ্যমে অ্যামোনিয়াম পারক্লোরেটের মতো উপাদান তৈরিতে ব্যবহার করা যায়, যা কঠিন জ্বালানিচালিত রকেট ও ক্ষেপণাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ফলে সাধারণ শিল্পক্ষেত্রে ব্যবহার থাকলেও সামরিক প্রয়োগের সম্ভাবনার কারণে এই রাসায়নিকের আন্তর্জাতিক পরিবহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এবার বাংলাদেশগামী জাহাজে একই রাসায়নিকের ৪০৫ টন উদ্ধার হওয়ায় নতুন করে প্রশ্ন উঠছে, এত বিপুল পরিমাণ কৌশলগত রাসায়নিকের চূড়ান্ত ব্যবহারকারী কে? বাংলাদেশের মংলা বন্দরে এই চালান পৌঁছনোর কথা ছিল বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাহাজে লক্ষ লক্ষ অনিবন্ধিত ফাঁকা ৪জি সিম কার্ডও পাওয়া গিয়েছে। তবে রাসায়নিকের আমদানিকারক সংস্থা বা প্রকৃত মালিকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।

ভারতের জন্যও এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত এবং বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থানের কারণে প্রতিবেশী দেশে বিপুল পরিমাণ দ্বৈত-ব্যবহারযোগ্য রাসায়নিকের প্রবেশের বিষয়টি উপেক্ষা করা যায় না। বিশেষ করে চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে এই চালানের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা জরুরি। অবশ্য এই জাহাজের রাসায়নিক বাংলাদেশের কোনও সামরিক প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা ছিল, এমন তথ্য এখনও সামনে আসেনি।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, জাহাজের নথিপত্র, পণ্য পরিবহণের অনুমতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে বিভিন্ন সংস্থাও যুক্ত হয়েছে। সব মিলিয়ে, চিন থেকে বাংলাদেশগামী এই জাহাজ আটক হওয়ার ঘটনা শুধু একটি অবৈধ পণ্য পরিবহণের তদন্ত নয়, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং কৌশলগত রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ভারতের কাছে এখন সবচেয়ে জরুরি হল, এই চালানের প্রকৃত আমদানিকারক, চূড়ান্ত ব্যবহারকারী এবং সরবরাহের নেপথ্যে থাকা নেটওয়ার্ক সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা। তদন্তে যদি কোনও বেআইনি সামরিক সরবরাহের যোগসূত্র মেলে, তাহলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর সতর্কবার্তা হয়ে উঠতে পারে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks