...
...
Next Story

মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরেই সংঘাত! ইমরান মাসুদের অভিযোগ খারিজ মুমতাজ প্যাটেলের

ঠিক কী বলেছিলেন ইমরান মাসুদ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় একাদশে মহম্মদ সিরাজকে না দেখে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও সিরাজকে খেলানো হয়নি। কারণ তাঁর নামের সঙ্গে মুসলিম পরিচয় জড়িয়ে রয়েছে।

Published on: Nov 22, 2026, 14:35:08 IST
Advertisement

ভারতীয় ক্রিকেটে ধর্মীয় বিভাজনের অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছিলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর দাবি ছিল, মুসলিম পরিচয়ের কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে জায়গা পাননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। এবার সেই অভিযোগের বিরুদ্ধেই সরব হলেন তাঁর দলের নেত্রী মুমতাজ প্যাটেল। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেটের সঙ্গে ধর্মীয় বিভাজন বা বিদ্বেষের কোনও সম্পর্ক থাকা উচিত নয়। ক্রিকেটারদের নির্বাচন হয় তাঁদের ফর্ম এবং দলের প্রয়োজন অনুযায়ী। একই সঙ্গে দেশে ঘৃণা ও বিভাজনের রাজনীতি বন্ধ করার বার্তাও দিয়েছেন তিনি। ফলে সিরাজকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার কংগ্রেসের অন্দরেই মতপার্থক্য প্রকাশ্যে চলে এল।

মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরেই সংঘাত! ইমরান মাসুদের অভিযোগ খারিজ মুমতাজ প্যাটেলের (PTI)
মহম্মদ সিরাজকে বাদ দেওয়া নিয়ে কংগ্রেসের অন্দরেই সংঘাত! ইমরান মাসুদের অভিযোগ খারিজ মুমতাজ প্যাটেলের (PTI)

ঠিক কী বলেছিলেন ইমরান মাসুদ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ভারতীয় একাদশে মহম্মদ সিরাজকে না দেখে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, ভাল পারফরম্যান্স থাকা সত্ত্বেও সিরাজকে খেলানো হয়নি। কারণ তাঁর নামের সঙ্গে মুসলিম পরিচয় জড়িয়ে রয়েছে। মাসুদের বক্তব্য ছিল, সিরাজের নামের জন্যই যদি তাঁকে দলে জায়গা না দেওয়া হয়, তা হলে বিষয়টি স্পষ্ট বৈষম্যের ইঙ্গিত দেয়।

শুধু সিরাজ নয়, এই প্রসঙ্গে মহম্মদ শামি এবং সরফরাজ খানের নামও টেনে এনেছিলেন মাসুদ। তাঁর যুক্তি, ক্রিকেটারদের নির্বাচন হওয়া উচিত তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতে। কে কোথা থেকে এসেছেন কিংবা তাঁর ধর্ম কী, তা কোনওভাবেই বিবেচ্য হওয়া উচিত নয়।

কিন্তু মাসুদের এই বক্তব্যের সঙ্গে একমত নন মুমতাজ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ক্রিকেটের মতো খেলায় ঘৃণা কিংবা ধর্মীয় বিভাজনের কোনও জায়গা নেই। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট দলের নামের মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে। তা হল ভারত। দেশের মানুষ ধর্ম, জাতি বা সংস্কৃতির ভেদাভেদ ভুলে একসঙ্গে ক্রিকেট উপভোগ করেন।

তবে এখানেই থামেননি মুমতাজ। দেশে বিদ্বেষের পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক নেতৃত্বের একাংশকেও নিশানা করেছেন তিনি। কোনও নেতার নাম না করে তাঁর বক্তব্য, মঞ্চে দাঁড়িয়ে যখন শীর্ষ নেতারা মানুষের পোশাক দেখে তাঁদের পরিচয় নির্ধারণের কথা বলেন, কিংবা ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ স্লোগান তোলেন, তখন সমাজে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। এই ধরনের বিভাজন বন্ধ হওয়া প্রয়োজন। বিশেষ করে ক্রিকেটের মতো একটি সর্বজনীন খেলাকে এই বিতর্কের বাইরে রাখা উচিত বলে মনে করেন তিনি।

এদিকে, মাসুদের অভিযোগের বিরোধিতা করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মদনলালও। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্যের বক্তব্য, ভারতীয় ক্রিকেটে ধর্মের ভিত্তিতে কোনও ক্রিকেটারকে বাদ দেওয়ার ঘটনা ঘটেনি। ইতিহাস ঘাঁটলেই তার প্রমাণ মিলবে। বিভিন্ন ধর্মের ক্রিকেটার ভারতীয় দলের হয়ে খেলেছেন এবং ভবিষ্যতেও খেলবেন। তাই এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করা উচিত নয়।

শিবসেনার নেতারাও মাসুদের মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, ১৪৭ কোটি মানুষের দেশে জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন। সেখানে ক্রিকেটারদের যোগ্যতা ও পরিশ্রমই হওয়া উচিত নির্বাচনের মাপকাঠি।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সিরাজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলেও আলোচনা হয়েছে। সুনীল গাওস্কর এবং রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটারও দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ধর্মীয় বৈষম্যের অভিযোগের পক্ষে এখনও কোনও প্রমাণ সামনে আসেনি।

সব মিলিয়ে, মহম্মদ সিরাজকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতির আলোচনায়। আর সেই বিতর্কে কংগ্রেসের এক নেতার বক্তব্যের বিরোধিতা করলেন দলেরই অন্য নেত্রী। ফলে প্রশ্ন উঠছে, ক্রিকেটের দল নির্বাচন নিয়ে বিরোধীদের রাজনৈতিক আক্রমণ কি শেষ পর্যন্ত তাঁদের নিজেদের মধ্যেই অস্বস্তি বাড়াচ্ছে?

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks