ইজরায়েলের হামলার জবাবে পশ্চিম এশিয়ার একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে এর মধ্যে থেকে সংযুক্ত আরব আমিরাতে হোটেল থেকে বন্দর, বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে ইরানের মিসাইল এবং ড্রোন। বিশেষ করে দুবাইতে ইরানের হামলার বহু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে স্যাটেলাইট চিত্রেও দেখা গিয়েছে, দুবাইয়ের বন্দরের বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, ইরানের মিসাইল এবং ড্রোন হামলা রুখতে তাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে। তা সত্ত্বেও বহু জায়গায় ইরানকে রুখতে পারেনি তারা।
রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে ৩১১টি ড্রোন এবং ২২টি মিসাইল দিয়ে আমিরাতে হামলা চালায় ইরান। দুবাইয়ের পাম জুমেইরার জনপ্রিয় হোটেল থেকে দুবাই বিমানবন্দরে হামলা করেছে ইরান। এদিকে যুদ্ধের আবহে ইরানের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সংযুক্ত আরব আমিরাত। ইরানে নিযুক্ত তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে তেহরানে তাদের দূতাবাসও বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েলের হামলার পর থেকেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে সংযুক্ত আরব আমিরাতে বন্দর থেকে হোটেলেও হামলা চালায় ইরান। ইরানি হামলা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যু ঘটেছে এক বাংলাদেশি, এক পাকিস্তানি এবং এক নেপালি।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই কথোপকথনের তথ্য শেয়ার করেছেন। তিনি বলেন, 'সংযুক্ত আরব আমিরশাহীতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত এবং এই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাই আমরা।' তিনি আরও বলেন, এই কঠিন পরিস্থিতিতে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার জন্য সেই দেশের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান মোদী। এরই সঙ্গে মোদী বলেন, 'আমরা উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে।'