আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে ইরান! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্তাদের নিশানা করতে ‘ডার্টি বম্ব’ কিংবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে তেহরান। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সাম্প্রতিক মূল্যায়নে। এই খবর সামনে আসতেই আমেরিকার নিরাপত্তা মহলে উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং বিকল্প প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করতে শুরু করেছেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তবে হোয়াইট হাউসের দাবি, এই মুহূর্তে আমেরিকার মূল ভূখণ্ডে হামলার কোনও বিশ্বাসযোগ্য বা তাৎক্ষণিক হুমকি নেই।

সিএনএনের (CNN) একটি বিশেষ প্রতিবেদনে সাতজন মার্কিন আধিকারিকের বক্তব্য উল্লেখ করে এই দাবি করা হয়েছে। তাঁদের মতে, মার্কিন গোয়েন্দাদের হাতে আসা নতুন তথ্য থেকে ইঙ্গিত মিলেছে, ইরান ওয়াশিংটনে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশানা করার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনায় তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করে ডার্টি বম্ব বিস্ফোরণ অথবা রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিষয়টি উঠে এসেছে। গোয়েন্দা সূত্রের দাবি, সম্ভাব্য হামলার জন্য নির্দিষ্ট কিছু জায়গা এবং লক্ষ্যবস্তুও চিহ্নিত করা হয়ে থাকতে পারে। বিষয়টি সামনে আসার পর গত এক সপ্তাহে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তবে গোয়েন্দাদের বক্তব্য, পরিকল্পনা তৈরি হওয়া মানেই যে অবিলম্বে হামলা হতে চলেছে, এমনটা নয়। বরং সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের হাতে একাধিক বিকল্প খোলা রাখতে চাইছে ইরান বলে মনে করা হচ্ছে।
কী এই ডার্টি বম্ব? সাধারণ পারমাণবিক বোমার সঙ্গে এর পার্থক্য রয়েছে। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ মিশিয়ে এই ধরনের অস্ত্র তৈরি করা হয়। বিস্ফোরণের মাধ্যমে চারপাশে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ। এর উদ্দেশ্য পারমাণবিক বিস্ফোরণের মতো বিপুল ধ্বংসযজ্ঞ ঘটানো নয়, বরং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং বিস্তীর্ণ এলাকায় তেজস্ক্রিয় দূষণ তৈরি করা। মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, পারমাণবিক অস্ত্র তৈরির তুলনায় এই ধরনের অস্ত্র প্রস্তুত করা তুলনামূলক সহজ হতে পারে। তবে ইরানের হাতে এই ধরনের হামলা চালানোর প্রয়োজনীয় উপকরণ, লোকবল এবং বাস্তব সক্ষমতা রয়েছে কি না, তা নিয়ে এখনও মার্কিন গোয়েন্দা মহলে মতভেদ রয়েছে।
এই আশঙ্কার মধ্যেই মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর। ইরান-সংক্রান্ত হুমকির প্রেক্ষিতে তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সামরিক আবাসনে সরিয়ে নিয়ে গিয়েছে সিক্রেট সার্ভিস। এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সম্ভাব্য যোগসূত্র নিয়ে তদন্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
{{/usCountry}}এই আশঙ্কার মধ্যেই মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে খবর। ইরান-সংক্রান্ত হুমকির প্রেক্ষিতে তাঁকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সামরিক আবাসনে সরিয়ে নিয়ে গিয়েছে সিক্রেট সার্ভিস। এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে ইরানের সম্ভাব্য যোগসূত্র নিয়ে তদন্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
{{/usCountry}}অন্যদিকে, রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইরান। রাষ্ট্রসংঘে ইরানের মিশনের বক্তব্য, রাসায়নিক অস্ত্রের ব্যবহার যে কোনও পরিস্থিতিতেই অবৈধ এবং তেহরানের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। তবে ডার্টি বম্ব সংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে তারা সরাসরি কোনও মন্তব্য করেনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চায়নি।
শুধু ওয়াশিংটন নয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধেও রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে আমেরিকা। সেই কারণে সেনা ও কূটনৈতিক কর্মীদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম এবং প্রশিক্ষণ রয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। সব মিলিয়ে ইরান ও আমেরিকার মধ্যে চলতে থাকা সংঘাতের আবহে নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ল ওয়াশিংটনে। যদিও মার্কিন প্রশাসন এখনই কোনও আসন্ন হামলার আশঙ্কা স্বীকার করছে না, তবু গোয়েন্দা রিপোর্টকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ট্রাম্প সরকার।