Iran-US Ceasefire: যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর কিছুক্ষণ বাকি ছিল। এদিকে পাকিস্তানে দ্বিতীয় দফার আলোচনায় কোনও মতেই রাজি ছিল না ইরান। এই আবহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পাকিস্তান সফর স্থগিত রাখা হয়েছিল। আশঙ্কা ছিল, ফের ইরানের ওপর বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। তবে শেষ পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে সঙ্গে তিনি এও জানান, ইরানি বন্দরগুলির অবরোধ জারি রাখা হবে। ট্রাম্প জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের অনুরোধে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। ইরান কোনও প্রস্তাব না দেওয়া পর্যন্ত হামলা বন্ধ রাখবে আমেরিকা।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে লেখেন, 'ইরান সরকার মারাত্মকভাবে বিভক্ত। অবশ্য আগে থেকেই তা প্রত্যাশিত ছিল। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে আমারা ইরানের ওপর হামলা বন্ধ রাখছি। তবে আমি আমার সেনাবাহিনীকে অবরোধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছি এবং অন্য সব বিষয়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। ইরানের প্রস্তাব না পাওয়া পর্যন্ত এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছি।'
এর আগে গত ১৮ এপ্রিল ট্রাম্প অবশ্য বলেছিলেন, ইরানের সাথে আলোচনায় কোনও চুক্তি না হলে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে পারবেন না তিনি। এরপর গত ২০ এপ্রিল ব্লুমবার্গের সাথে আলাপচারিতায় ট্রাম্প বলেছিলেন যে তিনি যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা কম। আবার ট্রাম্প বলেছিলেন, তিনি নিজেই ইরানের সঙ্গে চুক্তি সই করতে পাকিস্তানে যেতে পারেন। এদিকে ট্রাম্প বলেছিলেন, ইরান নাকি আমেরিকাকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দেবে। তবে ইরান এই দাবি পুরোপুরি খারিজ করে দেয়। এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে বোমাবর্ষণ শুরু করবে আমেরিকা। তবে ট্রাম্প ফের একবার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে। এই আবহে ফের একবার 'ইউটার্ন' নিলেন মার্কিন প্রেসিডেন্ট।