Iranian singer: ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিজাব না পরে একটি রেকর্ড করা কনসার্টের ভিডিওতে গান পরিবেশন করার ঘটনায় ইরানের কর্তৃপক্ষ গায়িকা পারাস্তু আহমাদি (Parastoo Ahmadi) এবং তাঁর দলের চার সদস্যকে ৭৪ বার বেত্রাঘাত (Sentenced to 74 lashes) করেছে। জনসমক্ষে মহিলাদের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে দেওয়া এ শাস্তি ইরানে হিজাব আইন আরও কঠোরভাবে কার্যকরের সরকারি অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদ সঙ্গীতশিল্পীর আইনজীবী মোস্তফা নিলিকে উদ্ধৃত করে জানিয়েছে, পারাস্তু আহমাদি এবং তাঁর প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এ শাস্তি দেওয়া হয়। আইনজীবী দলের এক সদস্য জানিয়েছেন, আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সঙ্গীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এই শাস্তি দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের ওপর দুই বছরের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।
ইউটিউবে ভাইরাল কনসার্টের ভিডিও ঘিরেই আইনি পদক্ষেপ
২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে অংশ নেন ২৯ বছর বয়সি পারাস্তু আহমাদি। কনসার্টে তিনি ঐতিহ্যবাহী ইরানি গান পরিবেশন করেন। কালো পোশাক পরা কয়েকজন সঙ্গীতশিল্পীদের সঙ্গে আহমাদির এই পরিবেশনার ভিডিওটি এখনও তাঁর ইউটিউব চ্যানেলে রয়েছে, যা ৩৩ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তাঁর চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৭৭ হাজারের বেশি। ওই ভিডিওতে দেখা যায়, একটি ঐতিহ্যবাহী ক্যারাভানসেরাই কমপ্লেক্সের মৃদু আলোয় আলোকিত মঞ্চে দর্শকশূন্য পরিবেশে গান গাইছেন আহমাদি। তাঁর পরনে ছিল লম্বা স্ট্র্যাপযুক্ত গাউন এবং মাথায় কোনও হিজাব ছিল না। ইরানের কঠোর নিয়ম অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘন করেই তিনি গান পরিবেশন করেছিলেন। দেশের বিধিনিষেধ অনুযায়ী, প্রকাশ্যে মহিলাদের গান গাওয়াও নিষিদ্ধ।
গায়িকার বিরুদ্ধে কী অভিযোগ ইরান কর্তৃপক্ষের?
পারাস্তু আহমাদি এবং তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে ‘জনসাধারণের শালীনতায় আঘাত’ এবং ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয়বস্তু তৈরি, সম্প্রচার, প্রচার ও প্রকাশের কাজে সহযোগিতা করার’ অভিযোগ আনা হয়েছিল। কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে আহমাদিকে গ্রেফতার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাঁকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। তবে গত জুন মাসে একই সাজা পাওয়া অন্য চারজনের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
{{/usCountry}}পারাস্তু আহমাদি এবং তাঁর দলের সদস্যদের বিরুদ্ধে ‘জনসাধারণের শালীনতায় আঘাত’ এবং ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ বিষয়বস্তু তৈরি, সম্প্রচার, প্রচার ও প্রকাশের কাজে সহযোগিতা করার’ অভিযোগ আনা হয়েছিল। কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে আহমাদিকে গ্রেফতার করা হয়েছিল। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান তিনি। পরে গত জুনে তাঁকে প্রথম দোষী সাব্যস্ত করা হয় এবং সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখা হয়। তবে গত জুন মাসে একই সাজা পাওয়া অন্য চারজনের ক্ষেত্রে কী পদক্ষেপ করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
{{/usCountry}}গত অক্টোবর মাসে আপিলের শুনানিতে বেত্রাঘাতের সাজা বহাল রাখার প্রতিবাদ জানিয়েছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাশাপাশি, এই সাজা কার্যকর করার পরিকল্পনা পরিত্যাগ করার জন্য ইরানের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।
ইরানের কঠোর পোশাকবিধি
ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রতিবাদের মধ্যেই এই শাস্তির ঘটনা সামনে এসেছে। বর্তমানে ক্রমশ বেশি সংখ্যক মহিলাকে প্রকাশ্যে হিজাব ছাড়া দেখা যাচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর এই প্রবণতা আরও গতি পায়। দেশের পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে মাহসা আমিনিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। দেশটিতে হিজাববিধি অমান্য করে মহিলাদের জনসমক্ষে চলাচলের প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরান-সহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।
তবে হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক শিল্পীকে গ্রেফতার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সঙ্গীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেফতার করা হয়েছিল। ওই বছর প্রকাশিত তাঁর একটি গানে ইরানি মহিলাদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি। এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশনের ভিডিও করার অভিযোগে সঙ্গীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেফতার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে রয়েছেন।