ইরানে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে ধোঁয়া উঠতে দেখা গেছে। এর আগে ২০২৫ সালেও ইরানে হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই সময় আমেরিকাও ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল। তবে সাম্প্রতিককালে নতুন করে ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মাঝে ইজরায়েল হামলা চালিয়ে দিল ইরানে। উল্লেখ্য, একদিন আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সফরে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন। আর মোদী ইজরায়েল থেকে ফিরতেই ইরানে হামলা করল নেতানিয়াহুর দেশ।

উল্লেখ্য, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ফের একবার আলোচনার টেবিলে বসেছিল ইরান এবং আমেরিকার। তবে তারই মধ্যে ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধের সম্ভাবনা যেন ক্রমেই বাড়ছে। এই আবহে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি পরমার্শমূলক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয়দের ইরান ছাড়তে বলেছে। এর আগে যুদ্ধের আশঙ্কা তৈরি হওয়ায় গত জানুয়ারিতেও ইরানে থাকা ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এদিকে সোমবারই ইজরায়েলে যাওয়ার কথা ছিল মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর। এর আগেই ইরানে হামলা চালাল ইজরায়েল। তেহরানের একাধিক জায়গায় ইজরায়েলি মিসাইল আছড়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।
রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক মার্কিন সেনা রয়েছে বর্তমানে। আমেরিকার দু'টি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধবিমান, এক ডজন যুদ্ধজাহাজ আছে ইরানের কাছাকাছি। ওপেন সোর্স ট্র্যাকিং দেখা গিয়েছে যে, ১৫০টিরও বেশি কার্গো ফ্লাইট অস্ত্র এবং গোলাবারুদ বহন করে নিয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে। বেশ কয়েকটি এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানকে ওই এলাকার দিকে যেতে দেখা গেছে। এরই সঙ্গে বেশ কয়েকটি জ্বালানী ভরানোর ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা সৈনিকদেরও সরিয়ে নেওয়া হচ্ছে সেখান থেকে। মার্কিন হামলা হলে ইরানের পালটা জবাবের আশঙ্কাতেই এই পদক্ষেপ আমেরিকা করছে বলে মনে করা হচ্ছে। এরই মাঝে মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে চলেছেন ইরানকে। পালটা হুঁশিয়ারি শোনা যাচ্ছে ইরানের তরফ থেকেও। সঙ্গে আলোচনা সফল করার বার্তাও দিচ্ছে তেহরান। এরই মাঝে ইরানে হামলা চালিয়ে দিল ইজরায়েল। এরই সঙ্গে পালটা হামলার জন্য আগেভাগে জরুরি অবস্থা জারি করেছে তারা।