...
...
Next Story

Israeli military: চুক্তির পরই লেবাননে হামলা ইজরায়েলের, প্রত্যাখ্যান হিজবুল্লাহর

Israeli military: ইজরায়েলের বিবৃতিতে বলা হয়, শনিবার ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলে রকেট বহনকারী বেশ কয়েকজন হিজবুল্লাহ জঙ্গিকে শনাক্ত করে। এরপর তারা একটি অভিযান চালিয়ে তাদের হত্যা করে এবং তাদের কার্যকলাপের এলাকাটি ধ্বংস করে দেয়।

Published on: Jun 28, 2026, 15:48:21 IST
Advertisement

Israeli military: ইজরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র একদিন পরই আবারও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ লেবানন। ইজরায়েলি বাহিনী শনিবার দক্ষিণ লেবাননে বেশ কয়েকজন হিজবুল্লাহ জঙ্গিকে হত্যা করেছে। রবিবার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়। এছাড়াও ইজরায়েলি ড্রোন হামলায় দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ এলাকায় একটি রকেট লঞ্চার ধ্বংস হয়ে গিয়েছে।

চুক্তির পরই লেবাননে হামলা ইজরায়েলের (Photo for representation) (AP Photo/Ariel Schalit)
চুক্তির পরই লেবাননে হামলা ইজরায়েলের (Photo for representation) (AP Photo/Ariel Schalit)

ইজরায়েলের বিবৃতিতে বলা হয়, শনিবার ইজরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়াহ অঞ্চলে রকেট বহনকারী বেশ কয়েকজন হিজবুল্লাহ জঙ্গিকে শনাক্ত করে। এরপর তারা একটি অভিযান চালিয়ে তাদের হত্যা করে এবং তাদের কার্যকলাপের এলাকাটি ধ্বংস করে দেয়। একটি পৃথক অভিযানে, ইজরায়েলি বাহিনী হিজবুল্লাহর একটি রকেট লঞ্চার ধ্বংস করে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটি একটি ‘নিরাপদ অঞ্চলের’ কাছে ঘটেছে, যেখানে ইজরায়েলি সৈন্যরা তাদের অভিযান চালাচ্ছিল এবং ইজরায়েলি সামরিক বাহিনী ‘হুমকি নির্মূল করতে’ তাদের অভিযান অব্যাহত রাখবে।

অন্যদিকে, হিজবুল্লাহর প্রধান নাঈম কাসিম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইজরায়েলের মধ্যে হওয়া নিরাপত্তা চুক্তি প্রত্যাখ্যান করেছেন। স্বাক্ষরিত হওয়ার পরেই শনিবার চুক্তিটিকে ‘ইজরায়েলের কাছে আত্মসমর্পণ’ বলে বর্ণনা করেন তিনি। এক বিবৃতিতে কাসিম এই চুক্তিকে ‘বাতিল ও অকার্যকর’ বলে বর্ণনা করেছেন। একতরফা ছাড় দেওয়া ও লেবাননের সর্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্য তিনি দেশটির সরকারকে অভিযুক্ত করেছেন। হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের সঙ্গে ইজরায়েলের সেনা প্রত্যাহার যুক্ত করা বিধানগুলোর সমালোচনা করে কাসিম বলেছেন, এগুলো কার্যত ইজরায়েলি সামরিক উপস্থিতিকে বৈধতা দেয় আর ‘সব রেড লাইন অতিক্রম করে।' তিনি জানান, তার দল হিজবুল্লাহ সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখবে। তাঁর কথায়, 'সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমরা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাইনি আর যাবোও না।' যদিও ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ জানান, দক্ষিণ লেবাননের নিরাপত্তা অঞ্চলে দীর্ঘ সময় অবস্থানের জন্য ইজরায়েলি সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি যে নিরাপত্তা অঞ্চলের কথা বলেছেন, সেটি লেবাননের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe