...
...
Next Story

Bharat Summit-BJP: কংগ্রেসের মঞ্চে ইতালীয় নেতার ‘ভোট চোর’ স্লোগান! রাহুলকে 'দেশদ্রোহী' তোপ বিজেপির

Bharat Summit-BJP: তেলাঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলনে’ একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। নীতি-নৈতিকতা, গণতন্ত্রের বর্তমান অবস্থা, ক্ষমতার কেন্দ্রীয়করণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় সেখানে।

Published on: Nov 15, 2026, 22:00:53 IST
Advertisement

Bharat Summit-BJP: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলছে বিজেপি। হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সম্মেলনে’ দেশ-বিদেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। সেখানে ইতালির প্রতিনিধিরা যে স্লোগান তোলেন, সেই নিয়েই আক্রমণে নেমে পড়েছে শাসক দল। বিজেপির অভিযোগ, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহির্শক্তির হস্তক্ষেপে মদত জোগাচ্ছেন রাহুল গান্ধী।

ইতালীয় নেতার ‘ভোট চোর’ স্লোগান! রাহুল গান্ধীকে 'দেশদ্রোহী' তোপ বিজেপির (সৌজন্যে এক্স)
ইতালীয় নেতার ‘ভোট চোর’ স্লোগান! রাহুল গান্ধীকে 'দেশদ্রোহী' তোপ বিজেপির (সৌজন্যে এক্স)

তেলাঙ্গানার কংগ্রেস সরকার আয়োজিত ‘ভারত সম্মেলনে’ একাধিক দেশের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন। নীতি-নৈতিকতা, গণতন্ত্রের বর্তমান অবস্থা, ক্ষমতার কেন্দ্রীয়করণ-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় সেখানে। সেই সঙ্গে এসআইআর-এ ভূরি ভূরি অনিয়ম থেকে ভোটচুরির অভিযোগের প্রসঙ্গও উঠে আসে। শনিবার সেই মঞ্চে বক্তৃতা করতে ওঠেন ইতালির রাজনীতিক তথা ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’ (পিইএস)-এর সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবাক। মঞ্চে বক্তৃতা করার সময় ভারতের বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরের প্রশংসা করেন জিয়াকোমো। এসআইআর নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা যেভাবে আন্দোলনকে সংগঠিত করেছেন, তার ভূয়সী প্রশংসা করেন তিনি। এমনকী বিরোধী শিবিরের ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগানও শোনা যায় তাঁর মুখে। সেই সময় হাততালি শোনা যায়। হাসতে দেখা যায় রাহুল গান্ধীকে।

রবিবার এই ঘটনার তীব্র সমালোচনা করে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এক্স হ্যান্ডেলে সরাসরি কারও নাম না নিয়ে তিনি লেখেন, 'কোনও বিদেশি যখন ভারতকে অপমান করেন, তখন কাউকে হাসতে দেখেছেন? কোন ভারতীয় বিদেশে গিয়ে দেশকে অপমান করেন, আমি সে প্রশ্ন তুলছি না।' মহারাষ্ট্রের জনসভা থেকে বিষয়টি নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তাঁকে বলতে শোনা যায়, 'দেশ-বিদেশ থেকে বামপন্থী মতাদর্শের প্রচারকদের আমন্ত্রণ জানিয়েছিল (কংগ্রেস)। কংগ্রেসের যুবরাজও উপস্থিত ছিলেন সেখানে। নাম রেখেছিল ‘ভারত সম্মেলন’। অথচ ওই আন্তর্জাতিক সম্মেলনে রাহুল গান্ধী ভারতবিরোধী মন্তব্য করেছেন, গোটা বিশ্বের সামনে ভারতকে হেয় করার কাজ করেছেন।' বিদেশের আন্তর্জাতিক মঞ্চেও রাহুল গান্ধী ভারতকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন অমিত শাহ।

তবে বিজেপি-র অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি বলেন, 'যারা লুঠ, দুর্নীতির সিংহাসনে বসে রয়েছে, বিশেষ করে মোদি সরকার এবং বিজেপি, তাদের এসব বলার অধিকারই নেই। বিদেশ থেকে এসে যদি কেউ ওই মন্তব্য করে থাকেন, তাহলে আত্মসমীক্ষা প্রয়োজন।' কংগ্রেসের মুখপাত্র গিরিজা এস এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অব কি বার ট্রাম্প সরকার কী অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো নয়?' প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনে ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রধানমন্ত্রীর স্লোগান স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউতও বিজেপি-কে আক্রমণ করেছেন। তাঁর কথায়, 'মোদী যদি ইতালির প্রধানমন্ত্রীকে মেলোডি চকোলেট দিতে পারেন, তাহলে ইতালির রাজনীতিক এখানকার ব্যাপারে কথা বলতে পারেন।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks