...
...
Next Story

Jammu and Kashmir Terrorist Killed: গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ২ জঙ্গি

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর আসে, উধমপুরের সোহান এলাকার জঙ্গলে কয়েক জন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়ার পরই অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। যৌথ ভাবে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্সেস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ।

Published on: Sep 17, 2026, 09:57:31 IST
Advertisement

গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে উধমপুর জেলার জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা দুই জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার রাতে সোহান এলাকার জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। মৃত জঙ্গিদের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে প্রাথমিক ভাবে তারা দু’জনেই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য বলে সূত্রের দাবি।

বুধবার গোপন সূত্রে খবর আসে, উধমপুরের সোহান এলাকার জঙ্গলে কয়েক জন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। (CISF/ANI Photo)
বুধবার গোপন সূত্রে খবর আসে, উধমপুরের সোহান এলাকার জঙ্গলে কয়েক জন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। (CISF/ANI Photo)

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রে খবর আসে, উধমপুরের সোহান এলাকার জঙ্গলে কয়েক জন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়ার পরই অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। যৌথ ভাবে অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্সেস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। জঙ্গলে শুরু হয় চিরুনি তল্লাশি। নিরাপত্তাবাহিনী একাধিক দিক থেকে গোটা এলাকা ঘিরে ফেলে।

তল্লাশি অভিযানের মাঝেই নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। পালটা গুলি চালায় বাহিনীও। এর পরেই শুরু হয় তুমুল গুলির লড়াই। রাতের অন্ধকারে জঙ্গলের মধ্যে দীর্ঘ সময় ধরে গুলির শব্দ শোনা যায়। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। পালটা অভিযানে তাদের ঘিরে ফেলে বাহিনী।

দীর্ঘক্ষণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ভোরের দিকে দুই জঙ্গির মৃত্যু হয়। এনকাউন্টার শেষ হওয়ার পরে এলাকা জুড়ে ফের তল্লাশি চালানো হয়। সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যদিও মৃত দুই জঙ্গির পরিচয় এবং তারা কোন দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, তা এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সন্ত্রাসবাদীদের হাতে এই ধরনের অত্যাধুনিক অস্ত্রের উপস্থিতি নিয়ে দীর্ঘ দিন ধরেই নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক। পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থেকে আচমকা হামলা চালানো এবং নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে চলাই জঙ্গিদের কৌশল বলে মনে করা হয়।

ডোডার ঘটনার রেশ কাটতে না কাটতেই উধমপুরে ফের দুই জঙ্গির মৃত্যু নতুন করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা তৈরি করেছে। জঙ্গলে লুকিয়ে থাকা সশস্ত্র জঙ্গিদের খোঁজে তল্লাশি আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। একই সঙ্গে, মৃত জঙ্গিদের পরিচয় এবং তাদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি।

পরপর এই ধরনের অভিযানে জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর তৎপরতা আরও জোরদার হচ্ছে। বিশেষ করে জম্মু-কাশ্মীরের জঙ্গল ও পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে যৌথ অভিযান চালানোর উপর জোর দেওয়া হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks