...
...
Next Story

Jantar Mantar CJP Protest: যন্তর মন্তরে পৌঁছতেই আটক বিক্ষোভকারীরা, পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল স্টেডিয়ামে!

ভোটার তালিকা সংশোধন এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে সিজেপি। দলের দাবি, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

Published on: Oct 10, 2026, 13:33:13 IST
Advertisement

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কিন্তু যন্তর মন্তরে পৌঁছনোর আগেই একের পর এক বিক্ষোভকারীকে আটক করতে শুরু করল দিল্লি পুলিশ। কাউকে কনট প্লেসের কাছ থেকে, কাউকে আবার যন্তর মন্তরের আশপাশ থেকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। তার পর তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে। শনিবার সকাল থেকে এই ছবি ধরা পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই সিজেপির সমর্থকদের আটক করে জমায়েত আটকানোর চেষ্টা করছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাতভর ৪০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। (AFP)
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। (AFP)

উল্লেখ্য, ভোটার তালিকা সংশোধন এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে সিজেপি। দলের দাবি, বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা। শনিবার যন্তর মন্তরে বড় জমায়েতের পরিকল্পনা ছিল সিজেপির।

তবে এই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে বিক্ষোভের কথা জানানো হয়নি। অনুমতি ছাড়া জমায়েত হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেই কারণেই বিক্ষোভকারীদের আটকানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যন্তর মন্তরে যাতে বড় জমায়েত না হয়, তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

বিক্ষোভের প্রধান মুখ সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের আরও দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকেও শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। তাঁদের বিমান অবতরণের পরেই পুলিশ বিমানের ভিতরে ঢুকে তিন জনকে নিজেদের হেফাজতে নেয়। ফলে যন্তর মন্তরে পৌঁছে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগেই আটক হয়ে যান দলের শীর্ষ নেতারা। এর আগেও বিক্ষোভে যোগ দিতে দিল্লি যাওয়ার পথে বিভিন্ন জায়গায় সিজেপির সমর্থকদের আটক করার খবর সামনে এসেছিল।

এ দিকে, বিক্ষোভকারীদের আটক করার ঘটনায় প্রতিবাদের অধিকার নিয়েও প্রশ্ন উঠছে। সিজেপির অভিযোগ, ভোটার তালিকার অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলেও তাঁদের বাধা দেওয়া হচ্ছে। অন্য দিকে, পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া জমায়েত আটকাতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা।

এক দিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি, অন্য দিকে তা আটকাতে পুলিশের ব্যাপক অভিযান। সব মিলিয়ে শনিবার যন্তর মন্তরকে কেন্দ্র করে উত্তপ্ত দিল্লি। এখন নজর, আটক বিক্ষোভকারীদের কত ক্ষণ হেফাজতে রাখা হয় এবং সিজেপির আন্দোলন শেষ পর্যন্ত কোন পথে এগোয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks