...
...
Next Story

JD & Usha Vance's 4th Child: চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ১৫৬ বছর পর নজির

রবিবার সকালে ভান্স দম্পতির চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। এই সন্তানের জন্মের মধ্য দিয়ে জেডি ভ্যান্স একটি বিরল ইতিহাসও গড়েছেন। ১৫০ বছরেরও বেশি সময় পর তিনি প্রথম দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট, যাঁর সন্তানের জন্ম হয়েছে ক্ষমতায় থাকাকালীন।

Published on: Jul 20, 2026, 09:58:28 IST
Advertisement

JD & Usha Vance's 4th Child: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং তাঁর স্ত্রী উষা ভ্যান্সের পরিবারে এসেছে নতুন সদস্য। রবিবার সকালে তাঁদের চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। ছেলের নাম রাখা হয়েছে অ্যালেক নিল ভ্যান্স। এই সন্তানের জন্মের মধ্য দিয়ে জেডি ভ্যান্স একটি বিরল ইতিহাসও গড়েছেন। ১৫০ বছরেরও বেশি সময় পর তিনি প্রথম দায়িত্বে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট, যাঁর সন্তানের জন্ম হয়েছে ক্ষমতায় থাকাকালীন।

রবিবার সকালে ভান্স দম্পতির চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। (AFP)
রবিবার সকালে ভান্স দম্পতির চতুর্থ সন্তানের জন্ম হয়েছে। (AFP)

মেরিল্যান্ডের বেথেসডায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে রবিবার সকালে অ্যালেক নিল ভ্যান্সের জন্ম হয়। সন্তানের জন্মের খবর একটি যৌথ বিবৃতির মাধ্যমে জানান জেডি ও উষা ভ্যান্স। বিবৃতিতে তাঁরা বলেন, তাঁদের ছেলে এবং মা দু'জনেই সুস্থ রয়েছেন। পরিবারের অন্য তিন সন্তানও তাদের নতুন ছোট ভাইকে পেয়ে ভীষণ খুশি।

বিবৃতিতে জেডি ও উষা ভ্যান্স চিকিৎসকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা জানান, ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারের চিকিৎসক, নার্স এবং হোয়াইট হাউস মেডিক্যাল ইউনিটের সদস্যরা তাঁদের পরিবারের পাশে ছিলেন এবং অত্যন্ত যত্নের সঙ্গে মা ও শিশুর দেখভাল করেছেন।

অ্যালেক নিল ভ্যান্স হলেন দম্পতির চতুর্থ সন্তান। এর আগে তাঁদের দুই ছেলে—ইওয়ান এবং বিবেক, এবং এক মেয়ে মিরাবেল রয়েছে। বড় ছেলে ইওয়ানের বয়স ৯ বছর, দ্বিতীয় ছেলে বিবেকের বয়স ৬ বছর এবং মেয়ে মিরাবেলের বয়স ৪ বছর। জেডি ও উষা ভ্যান্স বরাবরই তাঁদের সন্তানদের জনসমক্ষে খুব কম নিয়ে আসেন এবং ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন।

এই সন্তানের জন্ম মার্কিন রাজনৈতিক ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ইতিহাস বলছে, সর্বশেষ ১৮৭০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালীন বাবা হয়েছিলেন। তাঁর ছেলে স্কাইলার কোলফ্যাক্স তৃতীয়ের জন্ম হয়েছিল সেই সময়। তারও আগে ১৮২৯ সালে ভাইস প্রেসিডেন্ট জন সি ক্যালহুন ক্ষমতায় থাকাকালীন তাঁর এক সন্তানের জন্ম হয়েছিল।

বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বয়স ৪১ বছর। তিনি মার্কিন ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত।

অন্যদিকে, উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত। তাঁর পুরো নাম উষা বালা চিলুকুরি। তাঁর বাবা-মা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এবং উষার বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ফলে তাঁদের নতুন সন্তানের জন্ম ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের কাছেও বিশেষ গুরুত্ব বহন করছে। উল্লেখ্য, জেডি ভ্যান্স ও উষা ভ্যান্সের পরিচয় হয় ইয়েল ল' স্কুলে পড়ার সময়। পরে ২০১৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এখন চার সন্তানকে নিয়ে তাঁদের পরিবার আরও বড় হল এবং এই খুশির খবর ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe