বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির বাজারে অন্যতম শক্তিশালী সংস্থা এনভিডিয়া। আর সেই সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াংকে ঘিরে এবার তৈরি হয়েছে নজিরবিহীন বিতর্ক। চিনা গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক মহিলার সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শুরু হয়েছে তদন্ত। এবার সেই তদন্তকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে আমেরিকার অন্যতম প্রভাবশালী আইনজীবী সংস্থা Wachtell, Lipton, Rosen & Katz-কে নিয়োগ করল এনভিডিয়ার পরিচালন পর্ষদ। ফলে বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি সংস্থার শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার স্বাধীন পরিচালকদের তরফে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে Wachtell Lipton-কে। সংস্থাটির আইনজীবী জুন্ন এইচ কিম (Joon H. Kim) তদন্তের নেতৃত্ব দেবেন। উল্লেখযোগ্যভাবে, তিনি একসময় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার এনভিডিয়ার পরিচালন পর্ষদের তরফে জানানো হয়েছে, বিষয়টির সমস্ত দিক খতিয়ে দেখে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্ত করা হবে।
কিন্তু হঠাৎ কেন এই তদন্ত? বিতর্কের সূত্রপাত একটি ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের একটি প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত এক মহিলা এক্সিকিউটিভের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল জেনসেন হুয়াংয়ের। ওই মহিলার নাম অ্যালিস হুয়াং। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, তিনি চিনের হয়ে তথ্য সংগ্রহ করতেন এবং বেজিংকে বিভিন্ন তথ্য সরবরাহ করতেন। ফলে হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ককে কেন্দ্র করে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। চিনের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেজিংয়ের দাবি, চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
{{/usCountry}}যদিও এই অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি। চিনের বিদেশমন্ত্রক ইতিমধ্যেই এই গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বেজিংয়ের দাবি, চিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্যই এই ধরনের অভিযোগ সামনে আনা হচ্ছে।
{{/usCountry}}এদিকে, ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বয়ং জেনসেন হুয়াং। এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো একটি ইমেলে তিনি নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন। স্ত্রী, সন্তান এবং সহকর্মীদের কাছে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, তাঁর আচরণে তাঁরা আঘাত পেয়েছেন। পাশাপাশি পরিচালন পর্ষদের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
তবে এনভিডিয়ার বক্তব্য, এখনও পর্যন্ত এমন কোনও প্রমাণ তাদের হাতে নেই, যার ভিত্তিতে বলা যায় যে আমেরিকার জাতীয় নিরাপত্তা অথবা সংস্থার গোপন তথ্যের কোনও ক্ষতি হয়েছে। তদন্ত চলাকালীন হুয়াং সিইও হিসেবেই দায়িত্ব পালন করবেন। পরিচালন পর্ষদ এখনও তাঁর নেতৃত্বের উপর আস্থা রয়েছে বলেও জানিয়েছে।
কিন্তু এই ঘটনা ঘিরে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, এনভিডিয়ার কর্পোরেট পরিচালন ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। সংস্থার পরিচালন পর্ষদের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে হুয়াংয়ের সঙ্গে কাজ করছেন। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে মঙ্গলবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ পড়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক AI চিপ বর্তমানে আমেরিকা ও চিনের প্রযুক্তিগত প্রতিযোগিতার অন্যতম কেন্দ্রবিন্দু। এই পরিস্থিতিতে সংস্থার প্রধানের সঙ্গে চিনা গুপ্তচরবৃত্তির সন্দেহে অভিযুক্ত কোনও ব্যক্তির সম্পর্কের খবর ওয়াশিংটনের কাছেও যথেষ্ট সংবেদনশীল। ফলে এই তদন্তের প্রভাব শুধু হুয়াংয়ের ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকবে না, আমেরিকার প্রযুক্তি নিরাপত্তা এবং চিনের কাছে AI চিপ রপ্তানির নীতিতেও পড়তে পারে।
এখন দেখার, Wachtell Lipton-এর তদন্তে কী তথ্য সামনে আসে এবং শেষ পর্যন্ত এনভিডিয়ার দীর্ঘদিনের CEO জেনসেন হুয়াং নিজের নেতৃত্ব ধরে রাখতে পারেন কি না।