...
...
Next Story

Kashmir CRPF Attacked: কুলগামে CRPF জওয়ানদের উপর হামলায় লস্কর জঙ্গি লতিফ ভাটের নাম! ২০০ সন্দেহভাজনকে জেরা

আহত সিআরপিএফ জওয়ানদের সামনে লতিফের ছবি দেখানো হলে তাঁরা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন বলে সূত্রের খবর। ঘটনার পর থেকেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

Published on: Nov 14, 2026, 08:07:18 IST
Advertisement

জম্মু-কাশ্মীরের কুলগামে কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনায় বড়সড় তথ্য সামনে এল তদন্তে। এই হামলার পিছনে লস্কর-ই-তইবার জঙ্গি মহম্মদ লতিফ ভাটের হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারী সংস্থার। আহত সিআরপিএফ জওয়ানদের সামনে লতিফের ছবি দেখানো হলে তাঁরা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন বলে সূত্রের খবর। ঘটনার পর থেকেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। অন্যদিকে, জঙ্গিদের সাহায্য করার সন্দেহে কুলগামের প্রায় ২০০ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা OGW-কে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যদিও জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আহত সিআরপিএফ জওয়ানদের সামনে লতিফের ছবি দেখানো হলে তাঁরা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন (ANI Video Grab )
আহত সিআরপিএফ জওয়ানদের সামনে লতিফের ছবি দেখানো হলে তাঁরা তাকে হামলাকারী হিসেবে শনাক্ত করেছেন (ANI Video Grab )

ঘটনাটি ঘটে গত বুধবার, ১১ নভেম্বর দুপুরে কুলগাম জেলার আখরান এলাকায়। প্রায় দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ সিআরপিএফের একটি নিরাপত্তা পোস্ট লক্ষ্য করে আচমকাই গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। জানা গিয়েছে, ঘন গাছপালার আড়াল থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁর পেটে ও মেরুদণ্ডে গুলি লাগে। বাকি দু’জনের হাত ও পায়ে আঘাত লাগে।

হামলার পর দ্রুত পাল্টা জবাব দেয় সিআরপিএফ। নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলির মুখে বেশিক্ষণ সেখানে থাকতে পারেনি জঙ্গিরা। শেষ পর্যন্ত গাছপালা ও ঝোপঝাড়ের আড়াল ব্যবহার করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তদন্তকারীদের অনুমান, এই হামলায় লতিফ ভাটের পাশাপাশি আরও এক জঙ্গি উপস্থিত থাকতে পারে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে লতিফের নাম উঠে আসার পর থেকেই তাকে ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আহত জওয়ানদের দেখানো ছবিতে লতিফকে শনাক্ত করার বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা আধিকারিকদের বক্তব্য, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য লতিফ ভাটকে খুঁজে বের করে নিষ্ক্রিয় করা।

এদিকে, হামলার নেপথ্যে স্থানীয় জঙ্গি নেটওয়ার্কের ভূমিকা খতিয়ে দেখতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। প্রায় ২০০ জন OGW-কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও হামলায় কারা আশ্রয়, যাতায়াত কিংবা অন্যান্য সহযোগিতা করেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখযোগ্যভাবে, শ্রীনগর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের মাত্র এক কিলোমিটারের মধ্যে রয়েছে হামলার জায়গাটি। ফলে এই হামলাকে যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে নিরাপত্তা মহল। শীত নামার আগে জঙ্গিদের গতিবিধি বাড়ার আশঙ্কার মধ্যেই কুলগামের এই ঘটনায় উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

সব মিলিয়ে, কুলগাম হামলার পিছনে লতিফ ভাটের ভূমিকা নিয়ে তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র মিললেও এখনও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks