Kolkata-Nathu La Train: কলকাতা থেকে ট্রেনে করেই নাথুলা? চূড়ান্ত সমীক্ষা শুরু, কবে সেবক-রংপো লাইন চালু?

কলকাতা থেকে ট্রেনে করেই নাথুলা? চূড়ান্ত সমীক্ষা শুরু, কবে সেবক-রংপো লাইন চালু হবে? সূত্রের খবর, সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেললাইন চালুর জন্য 'ফাইনাল লোকেশন সার্ভে' (সমীক্ষা) শুরু করা হয়েছে।

Published on: Mar 29, 2026, 19:21:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ট্রেনে করেই কলকাতা থেকে নাথুলা পর্যন্ত যাওয়া যাবে? সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। সূত্রের খবর, সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেললাইন চালুর জন্য 'ফাইনাল লোকেশন সার্ভে' (সমীক্ষা) শুরু করা হয়েছে। আর ট্রেনে করে গ্যাংটকে পৌঁছানোর কাজও কিছুটা এগিয়ে গিয়েছে। রেল সূত্রে খবর, ইতিমধ্যে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত ৩৪.৭ কিলোমিটার অংশের 'ফাইনাল লোকেশন সার্ভে' কাজ সম্পন্ন করা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে বছরদুয়েকের মধ্যে ওই অংশের রেললাইনের কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।

সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেললাইন চালুর জন্য 'ফাইনাল লোকেশন সার্ভে' (সমীক্ষা) শুরু করা হয়েছে। (ছবিটি প্রতীকী)
সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত রেললাইন চালুর জন্য 'ফাইনাল লোকেশন সার্ভে' (সমীক্ষা) শুরু করা হয়েছে। (ছবিটি প্রতীকী)

ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে

এমনিতে নাথুলা পর্যন্ত রেললাইন পাতার প্রস্তাব অনেকদিনেরই। ২০২২ সালের সাধারণ বাজেটের পরই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো হয়েছিল যে ভারত-চিন সীমান্তেও যাতে রেললাইন পৌঁছে যায়, সেজন্য ভাবনাচিন্তা শুরু করা হয়েছে। ওই রেলপথ তৈরি হলে সহজই একেবারে চিন সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। সীমান্তবর্তী এলাকায় দ্রুত পৌঁছে যাবে অত্যাবশ্যকীয় পণ্য। আবার প্রয়োজনে দ্রুত সেনা মোতায়েনও করা যাবে। সবমিলিয়ে একাধিক সুবিধার কথা মাথায় রেখেই রংপো থেকে নাথুলা পর্যন্ত ট্রেন চালানোর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনাচিন্তা চালু করে।

গ্যাংটক-নাথুলা লাইনেও কাজ চলছে

তবে একেবারে একধাক্কায় পুরো কাজটা যে করা হবে না, সেটাও সেইসময় রেলের তরফে জানানো হয়েছে। সেইমতো প্রাথমিকভাবে রংপো-গ্যাংটক রুটে সমীক্ষা চালানো হয়। এবার সেই কাজটা শুরু হয়েছে গ্যাংটক-নাথুলা লাইনে। তবে বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক দিক থেকে অত্যন্ত জটিল হবে ওই অংশে রেললাইন তৈরির কাজ। তাই তড়িঘড়ি কিছু করা হবে না। বেশ সময়সাপেক্ষ হবে নাথুলা পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার কাজ।

আরও পড়ুন: Jharkhand TET Notification-Syllabus: টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি ঝাড়খণ্ডে, বয়সসীমায় ৯ বছর ছাড়, বাংলাতেও আছে সুযোগ

কবে সেবক-রংপো লাইনে ট্রেন চলবে?

আর এরকম ভৌগোলিক জায়গায় কাজ যে কতটা কঠিন, তা সেবক-রংপো প্রকল্প থেকেই পরিষ্কার। রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ৪৪.৯৮ কিলোমিটার দীর্ঘ রেললাইন প্রকল্পের কাজ পুরোদমে চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর মার্চের মধ্যেই ট্রেন পথে রংপো পৌঁছে যাওয়া যাবে। আপাতত যা খবর, তাতে দুটি টানেল বা সুড়ঙ্গ খননের কাজ বাকি আছে। তারপর লাইন পাতার কাজ শুরু হবে বলে রেল সূত্রে খবর।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More