...
...
Next Story

Supreme Court on Kunal Ghosh: হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ, আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি কুণাল ঘোষের

Supreme Court on Kunal Ghosh: সোমবার সুপ্রিম কোর্টে কুণাল ঘোষের পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী। তাঁদের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত।

Published on: Nov 17, 2026, 12:52:32 IST
Advertisement

Supreme Court on Kunal Ghosh: আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বড়সড় স্বস্তি পেলেন বেলেঘাটার মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। ২০২৫ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দেওয়া দোষী সাব্যস্তকরণের রায়ের ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিস জারি করারও নির্দেশ দেওয়া হয়েছে।

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Utpal Sarkar)
তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Utpal Sarkar)

কলকাতা হাইকোর্টে একটা মামলার সূত্রে ২০২৫ সালের এপ্রিল মাসে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে ১৫০০-এরও বেশি পরীক্ষার্থীর নিয়োগ আটকে গিয়েছিল। যেখানে অতিরিক্ত শূন্য বা সুপার নিউমেরারি পদ তৈরি করে নিয়োগ করার বিরুদ্ধে দায়ের করা মামলায় নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার পরপরই কলকাতা হাইকোর্ট চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, সুপার নিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কলকাতা হাইকোর্টে নিয়োগ মামলার কোনও অগ্রগতি হচ্ছে না। আদালত সংলগ্ন যে এলাকা সংরক্ষিত ছিল, সেখানেই জমায়েত করে এই বিক্ষোভ চলে। একইসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী ফিরদৌস শামিম-সহ একাধিক আইনজীবীর চেম্বারের সামনে গিয়ে বিক্ষোভ করা হয়েছিল। তা নিয়ে নিজের মতামত পেশ করেছিলেন কুণাল ঘোষ। যদিও তিনি সেদিন ঘটনাস্থলের আশেপাশে ছিলেন না৷ ছিলেন সল্টলেকের দিকে।

সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননা মামলায় কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল। বিশেষ বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী। তাঁদের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্টের রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। অন্যদিকে নিজের সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, 'কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় তিন বিচারপতির বেঞ্চ আমার বিরুদ্ধে দোষী সাব্যস্তের যে রায় দিয়েছিল, সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ের উপর স্থগিতাদেশ দিল। সেই সঙ্গে সংশ্লিষ্ট শিবিরকে নোটিস জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের তিন বিচারপতির বিশেষ বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলাম আইনজীবীর মাধ্যমে। আজ শুনানি ছিল।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks