...
...
Next Story

'একজন চূড়ান্ত ব্যর্থ...,' পন্থের সঙ্গে লখনউয়ের মালিকের আচরণে ক্ষুব্ধ ললিত মোদী

বিতর্ক তুঙ্গে উঠতেই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাদের ভেরিফায়েড পেজ থেকে ভিডিওটির অন্য একটি দিক শেয়ার করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে।

Published on: Apr 3, 2026, 11:55:39 IST
Advertisement

দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে পুরনো ছবি আবার ফুটে উঠল আইপিএলে। বুধবার লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে দলের ক্যাপ্টেন ঋষভ পন্থ ও হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর আগে ২০২৪ সালেও তৎকালীন অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে একই ধরণের আচরণ করে সমালোচিত হয়েছিলেন তিনি। পন্তের সঙ্গে সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এবার বিসিসিআইকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী।

লখনউয়ের মালিকের আচরণে ক্ষুব্ধ ললিত মোদী
লখনউয়ের মালিকের আচরণে ক্ষুব্ধ ললিত মোদী

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের একটি পোস্টের জবাবে ললিত মোদী 'এক্স' পোস্টে লেখেন, 'আমি আগেই বলেছিলাম এই লোকটা (সঞ্জীব গোয়েঙ্কা) একজন চূড়ান্ত ব্যর্থ এবং জোকার। তাঁর আচরণে আমি লজ্জিত। আমি ভক্ত এবং খেলোয়াড়দের জন্য আইপিএল তৈরি করেছিলাম, প্রতি বছর এমন ঘটনা দেখার জন্য নয়। আমি যদি এখনও চেয়ারম্যান থাকতাম, তবে তাঁকে এখনই নিষিদ্ধ করতাম এবং তাঁর মালিকানা কেড়ে নিতাম।' তিনি আরও যোগ করেন, ফ্র্যাঞ্চাইজি চুক্তিতে এমন আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট ধারা রয়েছে এবং বিসিসিআইয়ের উচিত সেটি প্রয়োগ করা। ঘটনাটি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাইকেল ভনও। তিনি লিখেছেন, “টুর্নামেন্টের মাত্র একটি ম্যাচ গেল... এর কোনও প্রয়োজন ছিল না।'

অন্যদিকে, বিতর্ক তুঙ্গে উঠতেই লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) তাদের ভেরিফায়েড পেজ থেকে ভিডিওটির অন্য একটি দিক শেয়ার করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সেখানে বলা হয়েছে, 'আপনারা যা দেখছেন তার সবটুকু সত্য নয়। ক্যামেরার আড়ালে আমাদের অকৃত্রিম মুহূর্তগুলো এখানে দেখুন।' যদিও বিতর্কিত অধ্যায়ের পরে এক্স হ্যান্ডলে সঞ্জীব গোয়েঙ্কা লিখেছেন, 'এটা একটা দীর্ঘ মরশুম আর এমন মুহূর্তগুলোই অর্থপূর্ণ কিছু গড়ে তোলার ইঙ্গিত দেয়। আমাদের অধিনায়ক এবং দলের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে যে তারা দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। একানা স্টেডিয়ামে আমাদের সমর্থকদের ধন্যবাদ-আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এই মরশুমে লখনউ ও আইপিএলের গল্প এখনও অনেক বাকি।' তবে মালিকপক্ষের এই সাফাইয়ে চিড়ে ভিজছে না। মাঠের মধ্যে অধিনায়কের ওপর এমন মানসিক চাপ সৃষ্টির ঘটনাটি আইপিএলের গরিমা নষ্ট করছে বলেই মনে করছেন ললিত মোদীর মতো সমালোচকরা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe