...
...
Next Story

ভারতে মন্দিরে হামলার ছক পাকিস্তানি জঙ্গিদের, অ্যালার্ট গোয়েন্দাদের- রিপোর্ট

সূত্র অনুসারে, লস্কর-ই-তৈবা ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নিতে চাইছে।

Updated on: Feb 21, 2026, 11:36:22 IST
Advertisement

আবারও রাজধানীতে জঙ্গি হামলার ছক! গোয়েন্দা সূত্রে খবর, দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে চাঁদনি চক এলাকার একটি মন্দিরে হামলা চালাতে পারে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি)। ইতিমধ্যে নয়া দিল্লিজুড়ে সতর্কতা জারি করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলি।

বড়সড় জঙ্গি হামলার ছক! (Sathiya )
বড়সড় জঙ্গি হামলার ছক! (Sathiya )

গোয়েন্দা তথ্য উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই-র রিপোর্ট দাবি করছে, লালকেল্লার আশপাশের স্থান এবং চাঁদনি চকের কিছু অংশ-সহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাতে পারে লস্কর। জঙ্গিরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার পরিকল্পনা করছে, যার সম্ভাব্য লক্ষ্য চাঁদনি চকের একটি মন্দির। সূত্র অনুসারে, লস্কর-ই-তৈবা ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নিতে চাইছে এবং সম্ভবত ভারতে একটি বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসলামাবাদে ওই মসজিদে বিস্ফোরণের প্রতিশোধ নিতে তারা ভারতের বিখ্যাত মন্দিরগুলিকে টার্গেট করতে পারে। যা ইঙ্গিত দেয় যে বিখ্যাত ধর্মীয় স্থানগুলি এখনও এই জঙ্গি গোষ্ঠীর রাডারে রয়েছে। এই তথ্যের পর, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি সংবেদনশীল অঞ্চলগুলিতে, বিশেষ করে ওল্ড দিল্লিতে নজরদারি জোরদার করেছে। অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে, যানবাহন তল্লাশি জোরদার করা হয়েছে এবং ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্রগুলির কাছে পরিদর্শন শুরু করা হয়েছে।

গত বছরেরই ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে গাড়িবোমা বিস্ফোরণ হয়। সেই ঘটনায় হামলাকারী-সহ ১৩ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছেন অনেকে। সেই হামলার ঘটনায় ‘ডক্টেরস মডিউল’-এর হাত ছিল। যাঁদের যোগ পাওয়া গিয়েছে জইশ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। গত ১৩ ফেব্রুয়ারি পাতিয়ালা হাউস কোর্টের একটি বিশেষ এনআইএ আদালত ২০২৫ সালের নভেম্বরে দিল্লি বিস্ফোরণের তদন্ত শেষ করার জন্য তদন্তের সময়কাল ৪৫ দিন বাড়িয়েছে। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ৯০ দিনের মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিল। একইসঙ্গে, আদালত সাত অভিযুক্তকে বিচারিক হেফাজতের মেয়াদ ১৩ মার্চ পর্যন্ত বাড়িয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe