...
...
Next Story

Railway Track Blast: প্রেমের ফাঁদ, মাদক পাচার, পাক-যোগ! রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ছকে কীভাবে জড়াল পঞ্জাবের মহিলা

গত ৩ নভেম্বর রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে গিয়ে মহকদীপের সঙ্গে পাকিস্তানভিত্তিক একটি অপরাধচক্রের যোগাযোগের সূত্র পান তদন্তকারীরা। গুরদাসপুরের দোস্তপুর গ্রামের বাসিন্দা মহকদীপ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। পুলিশের অভিযোগ, পাকিস্তানে থাকা 'শাহ'-এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর।

Published on: Nov 16, 2026, 08:06:50 IST
Advertisement

প্রেমের সম্পর্কের ফাঁদ, মাদক পাচারের যোগাযোগ এবং পাকিস্তানের এক হ্যান্ডলারের নির্দেশ। এই তিনের যোগসূত্র ধরেই রাজস্থানের রেললাইনে বিস্ফোরণের ঘটনায় তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা মহকদীপ কৌর এবং তাঁর সহযোগী দেবিন্দর সিং। পুলিশের দাবি, পাকিস্তানে থাকা 'শাহ' নামে এক ব্যক্তির নির্দেশেই কাজ করছিলেন তাঁরা। বিস্ফোরণের পরিকল্পনা বাস্তবায়নের জন্য দু’জনকে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে তদন্তকারীদের অনুমান।

প্রেমের ফাঁদ, মাদক পাচার ও পাক-যোগ! রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ছকে কীভাবে জড়াল পঞ্জাবের মহিলা
প্রেমের ফাঁদ, মাদক পাচার ও পাক-যোগ! রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ছকে কীভাবে জড়াল পঞ্জাবের মহিলা

প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করতে গিয়ে মহকদীপের সঙ্গে পাকিস্তানভিত্তিক একটি অপরাধচক্রের যোগাযোগের সূত্র পান তদন্তকারীরা। গুরদাসপুরের দোস্তপুর গ্রামের বাসিন্দা মহকদীপ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ। পুলিশের অভিযোগ, পাকিস্তানে থাকা 'শাহ'-এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর। পরবর্তীতে দেবিন্দর সিংকেও এই কাজে যুক্ত করেন তিনি। দেবিন্দর পঞ্জাবের চৌর কালান গ্রামের বাসিন্দা।

তদন্তকারীদের দাবি, সীমান্তপারের মাদক পাচারকারীদের সঙ্গে মহকদীপের পরিচয়ের সূত্র তৈরি হয়েছিল তাঁর পারিবারিক ও বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তাঁর প্রাক্তন স্বামী করণদীপ সিং এবং এক আত্মীয়ের পাকিস্তানি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ ছিল বলে সন্দেহ পুলিশের। তাঁদের মাধ্যমে সীমান্তপথে মাদক পাচারের নেটওয়ার্কের সঙ্গে পরিচিত হন মহকদীপ। এরপর ধীরে ধীরে পাকিস্তানের হ্যান্ডলার শাহের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয় তাঁর। তদন্তকারীদের আশঙ্কা, একই অপরাধচক্র মাদক ও অবৈধ অস্ত্র পাচারের সঙ্গেও যুক্ত থাকতে পারে।

এই ঘটনায় দেবিন্দরের সঙ্গে মহকদীপের সম্পর্কও বিশেষ গুরুত্ব পেয়েছে। দেবিন্দরের পরিবারের অভিযোগ, প্রায় তিন মাস আগে মহকদীপের সঙ্গে তাঁর পরিচয় হয়। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সম্পর্কের মধ্যে জড়িয়ে ফেলা হয়েছিল বলে দাবি দেবিন্দরের মা বলজিৎ কৌর ও পিসি সুখবিন্দর কৌরের। পুলিশের অনুমান, মহকদীপ ছিলেন পাকিস্তানি হ্যান্ডলার ও স্থানীয় সহযোগীদের মধ্যে যোগাযোগের মাধ্যম।

তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরণের আগে তিনবার রাজস্থানে গিয়েছিলেন মহকদীপ ও দেবিন্দর। প্রথমবার ৩ ও ৪ অক্টোবর শ্রীগঙ্গানগর এলাকায় যান তাঁরা। পুলিশের দাবি, সেই সময় বিস্ফোরক ব্যবহার করে রেললাইনের কাছে একটি বিস্ফোরণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ১২ অক্টোবর দ্বিতীয়বার রাজস্থানে যান দু’জন। এরপর ৩০ অক্টোবরের পর তৃতীয়বার সেখানে গিয়ে রেললাইনে বিস্ফোরক বসানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

গুরদাসপুরের কালানৌর এলাকা থেকে রাজস্থান পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে দু’জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি পিস্তলও উদ্ধার হয়েছে বলে খবর। রাজস্থান পুলিশের এডিজি দিনেশ এমএন জানিয়েছেন, পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখার সহযোগিতায় এই অভিযান চালানো হয়েছিল।

এখন তদন্তকারীদের মূল লক্ষ্য পাকিস্তানি হ্যান্ডলার শাহের পরিচয়, বিস্ফোরকের উৎস, অর্থের লেনদেন এবং এই চক্রে আরও কারা জড়িত, তা খুঁজে বের করা। প্রেমের সম্পর্ক ও আর্থিক প্রলোভন দেখিয়ে স্থানীয়দের অপরাধচক্রে যুক্ত করার চেষ্টা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখছে নিরাপত্তা সংস্থাগুলি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks