IMD on Cyclone Possibility: নিম্নচাপ তৈরি শনিতে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে? মুখ খুলল মৌসম ভবন, বাংলার দিকে আসবে?
IMD on Cyclone Possibility: আগামী শনিবার উত্তর আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হবে। আপাতত ঘূর্ণাবর্ত আছে উত্তর থাইল্যান্ডের উপরে। সেটি থেকেই সিস্টেম তৈরি হতে পারে উত্তর আন্দামানের সাগরের উপরে।
IMD on Cyclone Possibility: আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে? আপাতত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানাল না ভারতীয় মৌসম ভবন। বুধবার মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যে সম্ভাব্য নিম্নচাপ পরবর্তীতে শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে যাবে। তবে শেষপর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সেই উত্তরটা পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

শুক্রবার উত্তর আন্দামান সাগরে, শনিবার সন্ধ্যায় নিম্নচাপ
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর থাইল্যান্ডের উপরে আপাতত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা শুক্রবার সন্ধ্যা নাগাদ সরে চলে আসবে উত্তর আন্দামানের উপরে। শনিবার সন্ধ্যায় সেটি পরিণত হতে পারে নিম্নচাপ। তারপর ধাপে-ধাপে শক্তি বাড়াতে থাকবে। সম্ভাব্য অভিমুখ হতে পারে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে।
উপকূল থেকে অনেক দূরে, তাই………
তবে সেটি আদৌও ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা হবে, সেই সিস্টেমের কারণে পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি কতটা বৃষ্টি হবে, সে বিষয়ে আপাতত মৌসম ভবনের তরফে কিছু জানানো হয়নি। মৌসম ভবনের বিজ্ঞানীদের মতে, সেই সিস্টেম এখনও অনেকটা দূরে আছে উপকূল থেকে। ফলে এত তাড়াতাড়ি নিখুঁতভাবে কিছু বলা যাবে না। এত আগে পূর্বাভাস দেওয়া হলে সেটি নিখুঁত হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম থাকে বলে জানিয়েছেন আবহবিদরা।
আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে সতর্কতা জারি
তারইমধ্যে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে। সেজন্য সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।
তারইমধ্যে আজ মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় বৃষ্টির দাপট কিছুটা বেশি হবে। তাই ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবার বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পুরুলিয়ায়। বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


