...
...
Next Story

Maldives wants Oil from India: 'ইন্ডিয়া আউট' বলে চেঁচানো দেশও এখন ভারতের কাছে হাত পেতে আছে! কী বলল বিদেশ মন্ত্রক?

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মালদ্বীপ ভারতের কাছ থেকে জ্বালানি চাইছে। ভারত প্রতিবেশী দেশগুলিতে প্রতিনিয়ত জ্বালানি পাঠাচ্ছে। মালদ্বীপ সরকারও স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।

Published on: Apr 3, 2026, 09:44:43 IST
Advertisement

ভারত বিরোধী প্রচার করেই মালদ্বীপের মসনদে বসেছিলেন মুইজ্জু। সেই মুইজ্জুর সরকার এখন ভারতের কাছে হাত পেতে রয়েছে তেলের জন্য। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহণের ক্ষেত্রে ইতিমধ্যেই ইরানের অভয়বাণী পেয়েছে ভারত। এই পরিস্থিতিতে ভারতের প্রতিবেশী দেশগুলি তেলের জন্য ভারতের কাছে সাহায্য চাইছে। ইতিমধ্যেই বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কায় তেল সরবরাহ করেছে ভারত। নেপালেও জ্বালানি সরবরাহ করেছে ভারত। এবার মালদ্বীপ সরকারও ভারতের থেকে তেল চাইছে।

মালদ্বীপ সরকার পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। (REUTERS)
মালদ্বীপ সরকার পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। (REUTERS)

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, মালদ্বীপ ভারতের কাছ থেকে জ্বালানি চাইছে। ভারত প্রতিবেশী দেশগুলিতে প্রতিনিয়ত জ্বালানি পাঠাচ্ছে। ভারত বাণিজ্যিক চুক্তির আওতায় বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাকে জ্বালানি সরবরাহ করছে। মালদ্বীপ সরকারও স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমাদের কাছে কতটা তেল আছে, তা বুঝে নিয়ে মালদ্বীপের অনুরোধ নিয়ে বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কের তথ্য অনুযায়ী, মালদ্বীপ তাদের জ্বালানির অধিকাংশ পায় ওমানের থেকে। তবে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধের জেরে সেই রুটে তেল পরিবহণ অসম্ভব হয়ে পড়েছে। পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল মালদ্বীপ এই পরিস্থিতির জেরে সংকটে পড়েছে। তাদের উড়ান পরিষেবায় ব্যাঘাত ঘটছে। এর প্রভাবে মালদ্বীপের অর্থনীতির ওপর পড়তে পারে। তাই তারা ভারতের কাছে সাহায্য চেয়েছে জ্বালানি সরবরাহের জন্য।

এদিকে হরমুজ প্রণালী খোলার বিষয়ে ব্রিটেনে মিলিত হয় ৬০টিরও বেশি দেশ। তাতে ভারতের তরফ থেকে অংশ নিয়েছিলেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। এই আবহে বিদেশ মন্ত্রকের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, 'বিক্রম মিশ্রি সেই বৈঠকে জোর দিয়ে বলেছেন যে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল উত্তেজনা প্রশমিত করা। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসতে হবে।' উল্লেখ্য, ভারত উপসাগরীয় দেশগুলির পাশাপাশি রাশিয়ার থেকেও তেল কেনে। তাই দেশে তেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এদিকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল শোধনকারী দেশ। যদিও এলপিজির জন্য ভারত পুরোপুরি উপসাগরীয় দেশগুলির ওপর নির্ভরশীল। তাই ভারতে এলপিজি সংকটের শঙ্কা দেখা দিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe