...
...
Next Story

Matthew VanDyke Update: তিহাড়ে ঝাল খাবার নিয়ে অনশনে জঙ্গি প্রশিক্ষক মার্কিনি! পাস্তা-চিংড়ি খেতে চেয়ে আদালতে ভ্যানডাইক

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র হাতে গ্রেফতার হওয়া ভ্যানডাইক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে বন্দি। অতিরিক্ত সেশন বিচারক প্রশান্ত শর্মার আদালতে দাখিল করা আবেদনে তিনি দাবি করেছেন, ৬ মে থেকে তিনি অনশন শুরু করেছেন।

Published on: Jul 10, 2026, 07:57:53 IST
Advertisement

Matthew VanDyke Update: তিহাড় জেলের খাবার খেতে না পেরে টানা ৫০ দিনেরও বেশি সময় ধরে অনশনে রয়েছেন বলে দাবি করলেন সন্ত্রাসবাদ মামলায় গ্রেফতার মার্কিন নাগরিক ম্যাথু অ্যারন ভ্যানডাইক। মানবিক কারণ দেখিয়ে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের দ্বারস্থ হয়ে তিনি জেলের ভিতরে নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়েছেন। তাঁর আবেদনের ভিত্তিতে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেছে আদালত। আগামী ২১ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে।

৬ মে থেকে অনশন শুরু করেছেন ভ্যানডাইক
৬ মে থেকে অনশন শুরু করেছেন ভ্যানডাইক

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র হাতে গ্রেফতার হওয়া ভ্যানডাইক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে তিহাড় জেলে বন্দি। অতিরিক্ত সেশন বিচারক প্রশান্ত শর্মার আদালতে দাখিল করা আবেদনে তিনি দাবি করেছেন, ৬ মে থেকে তিনি অনশন শুরু করেছেন। কারণ, জেলে পরিবেশিত অতিরিক্ত ঝাল, তেল-মশলাযুক্ত ও ভাজাভুজি খাবার তাঁর পক্ষে খাওয়া সম্ভব নয়। মার্কিন নাগরিক হিসেবে ভারতীয় জেলের প্রচলিত খাদ্যাভ্যাসের সঙ্গে তিনি অভ্যস্ত নন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীর মাধ্যমে ভ্যানডাইকের দাবি, দীর্ঘদিন পর্যাপ্ত পুষ্টিকর খাবার না খাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৩০ পাউন্ড বা প্রায় ১৪ কিলোগ্রাম ওজন কমে গিয়েছে। দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি শরীরের শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সহনশীলতাও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বলে আদালতকে জানিয়েছেন তিনি।

এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁকে নিজের খাবার নিজে রান্না করার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে। ভ্যানডাইকের পরিবার খাবার, রান্নার সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সমস্ত খরচ বহন করতে প্রস্তুত বলেও আবেদনে জানানো হয়েছে। তিনি জেলের ভিতরে ডাল, লাল মাংস, মুরগির মাংস, মাছ ও চিংড়ি, পাস্তা, কাঁচা নুডলস, চাল, আলু, পেঁয়াজ, বিভিন্ন ধরনের শস্য, রুটি, মাখন, অলিভ অয়েল, টোনড দুধ, সয়া দুধ এবং বোতলজাত জল রাখার অনুমতি চেয়েছেন। পাশাপাশি একটি ইন্ডাকশন কুকার, হাঁড়ি, বাটি এবং প্লাস্টিকের সবজি কাটার সরঞ্জাম রাখারও আবেদন করেছেন।

তদন্তে আরও জানা গিয়েছে, মোট ১৪ জন ইউক্রেনীয় পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করার পর গুয়াহাটি হয়ে মিজোরামে যান। পরে অনুমতি ছাড়াই মায়ানমারে প্রবেশ করে সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া এবং ইউরোপ থেকে ড্রোন সরঞ্জাম পাচারের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ। এই মামলায় ভ্যানডাইক-সহ অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে এনআইএ। গোটা আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের তদন্ত এখনও চলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe