গত বছর পহেলাগাঁওতে সন্ত্রাসী হামলার পর থেকে কূটনৈতিক চালে সিন্ধুর জল বণ্টন নিয়ে পদক্ষেপ করে ভারত। আর সেই অবস্থানেই ভারত এখনও অবিচল হয়ে রয়েছে বলে শুক্রবার জানালেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের ‘অব্যাহত মদত’-এর কথা উল্লেখ করে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে, এই বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন,'সিন্ধু জল চুক্তির বিষয়ে ভারতের অবস্থান সুসংগত। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পাকিস্তানের অব্যাহত মদত দেওয়ার প্রেক্ষিতে এই চুক্তিটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে। পাকিস্তানকে অবশ্যই বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে তাদের সমর্থন ছাড়তে হবে।'
ইতিমধ্যেই সিন্ধুর জল নিয়ে পাকিস্তানের তরফে বারবার হুমকি এসেছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশহাক দার বলেন,'অংশীদারিত্বমূলক জলাধারকে কখনোই কোনও অস্ত্রের মতো ব্যবহার করা উচিত নয়। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে সহযোগিতা, সংলাপ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এগুলোকে বরং বিভিন্ন দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবেই বজায় রাখা উচিত।' পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে বলেন, 'যে মুহূর্তে আমরা অনুভব করব যে আমাদের জাতীয় নিরাপত্তা,এবং জল… যা আমাদের জাতীয় নিরাপত্তারই একটি অংশ,বিপন্ন হচ্ছে, আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব। অবশ্যই।' যুদ্ধের হুমকি আসে পাকিস্তানের বিলাওয়াল ভুট্টোর তরফেও। এদিকে, পাকিস্তানের মন্ত্রী মুসাদিক মালিক বলেন, 'একটি কল রয়েছে যা প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছেন। তিনি বলছেন, পাকিস্তানে এক ফোঁটাও জল যেতে দেবেন না।' তিনি এরই সঙ্গে বলেন,'যারা আমাদের ভাগের জল দাবি করছে, আমরা তাদের হাত কেটে নেব।' এরপর শুক্রবার স্পষ্ট ভাষায় সিন্ধুর জল নিয়ে অবস্থান জানিয়ে দিল দিল্লি।