...
...
Next Story

US flights Shutdown: মাইক্রোসফটের জন্যই কি আমেরিকায় বিমান পরিষেবা বন্ধ? মুখ খুলল ট্রাম্প প্রশাসন

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, ১২ নভেম্বর। আচমকাই বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। Outlook-এ ইমেল পাঠানো ও গ্রহণ করা, Teams-এর মাধ্যমে অনলাইন বৈঠক এবং Microsoft 365-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন লক্ষ লক্ষ গ্রাহক।

Published on: Nov 14, 2026, 08:34:02 IST
Advertisement

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই আমেরিকার আকাশে নজিরবিহীন বিপর্যয়! একদিকে Outlook, Microsoft Teams, Microsoft 365-সহ একাধিক পরিষেবা কার্যত অচল। অন্যদিকে, আচমকাই আমেরিকার সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ দিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা FAA। পরপর দু’দিনে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি পরিকাঠামোয় এমন বিপর্যয় দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি মাইক্রোসফটের সার্ভার সমস্যার জেরেই আমেরিকার বিমান পরিষেবা বন্ধ হয়ে গেল? একই সময়ে দুটি বড় প্রযুক্তিগত বিপর্যয় ঘটায় সন্দেহ আরও বেড়েছে। তবে মার্কিন প্রশাসন এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্রের কথা স্বীকার করেনি। বরং স্পষ্ট জানানো হয়েছে, দুটি সম্পূর্ণ আলাদা সমস্যা।

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই আমেরিকার আকাশে নজিরবিহীন বিপর্যয়! (AFP)
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সার্ভার বিভ্রাটের রেশ কাটতে না কাটতেই আমেরিকার আকাশে নজিরবিহীন বিপর্যয়! (AFP)

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, ১২ নভেম্বর। আচমকাই বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। Outlook-এ ইমেল পাঠানো ও গ্রহণ করা, Teams-এর মাধ্যমে অনলাইন বৈঠক এবং Microsoft 365-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন লক্ষ লক্ষ গ্রাহক। বিভিন্ন দেশের সরকারি দপ্তর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সাধারণ ব্যবহারকারীরা বিপাকে পড়েন। শুক্রবারও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এর মধ্যেই শুক্রবার, ১৩ নভেম্বর আমেরিকার বিমান চলাচল ব্যবস্থায় বড়সড় বিপর্যয় দেখা দেয়। FAA জানায়, দেশের বিভিন্ন এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছে। বিমানগুলির নিরাপদ গতিপথ নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় নির্দেশ আদানপ্রদানে সমস্যা হওয়ার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশজুড়ে সমস্ত বিমানবন্দর থেকে উড়ান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ফলে মাটিতে আটকে পড়ে হাজার হাজার বিমান। যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক। একাধিক বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দিতে হয়।

মাইক্রোসফটের তরফেও একই বক্তব্য সামনে এসেছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, FAA-এর দেশজুড়ে বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্তের সঙ্গে তাদের পরিষেবার বিভ্রাটের কোনও সম্পর্ক রয়েছে বলে সংস্থার কাছে কোনও তথ্য নেই।

তাহলে আমেরিকার বিমান পরিষেবা বিপর্যয়ের কারণ কী? মার্কিন পরিবহণমন্ত্রী শন ডাফির ব্যাখ্যা, সে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় এখনও বহু পুরনো প্রযুক্তি ব্যবহার করা হয়। পুরনো রাউটার, সুইচ এবং কয়েক দশক আগের তামার তারের যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। নতুন প্রযুক্তির সঙ্গে পুরনো পরিকাঠামোর সমন্বয় করতে গিয়ে অতিরিক্ত চাপ তৈরি হয়ে বিপর্যয় ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

প্রায় চার ঘণ্টা পর শুক্রবার রাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে FAA। তবে ততক্ষণে অন্তত ৮২৭টি বিমানকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। প্রায় ১১ হাজার বিমানের উড়ান নির্ধারিত ছিল, যেগুলিতে ১৫ লক্ষেরও বেশি যাত্রীর ভ্রমণের কথা ছিল। নিষেধাজ্ঞা উঠলেও বিমান ও কর্মীদের অবস্থান বদলে যাওয়ায় পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগার আশঙ্কা তৈরি হয়।

সব মিলিয়ে, একই সময়ে মাইক্রোসফট ও আমেরিকার বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় পরপর দুটি প্রযুক্তিগত বিপর্যয় গোটা বিশ্বের নজর কেড়েছে। তবে আপাতত একটি বিষয় স্পষ্ট—মাইক্রোসফটের কারণে আমেরিকার বিমান পরিষেবা বন্ধ হয়েছিল, এমন কোনও প্রমাণ নেই। বরং পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিকাঠামোর দুর্বলতাই এই ঘটনার তদন্তের কেন্দ্রে রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks