...
...
Next Story

Modi at ASEAN: প্রতিযোগিতা নয়, সহযোগিতার ভিত্তিতেই গড়তে হবে ভবিষ্যৎ! আসিয়ান সম্মেলনে চিনকে বার্তা মোদীর?

মোদী বলেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ফলে এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু কয়েকটি দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, গোটা বিশ্বের কাছেই তার বিশেষ তাৎপর্য রয়েছে। তাঁর কথায়, বর্তমান বিশ্ব একের পর এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে।

Published on: Nov 17, 2026, 12:58:57 IST
Advertisement

বিশ্বজুড়ে অস্থিরতা, সংঘাত এবং ভূরাজনৈতিক উত্তেজনার আবহে এশিয়ার দেশগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্পষ্ট বক্তব্য, ভবিষ্যৎ গড়তে হবে প্রতিযোগিতার ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। মঙ্গলবার, ১৭ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ২৩তম আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং পূর্বানুমানযোগ্য পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে বিশেষ গুরুত্ব পেয়েছে ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক।

মোদী বলেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। (@NarendraModi)
মোদী বলেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। (@NarendraModi)

মোদী বলেন, ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির সম্মিলিত জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশ। ফলে এই অঞ্চলের ভবিষ্যৎ শুধু কয়েকটি দেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, গোটা বিশ্বের কাছেই তার বিশেষ তাৎপর্য রয়েছে। তাঁর কথায়, বর্তমান বিশ্ব একের পর এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থা। প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার মাধ্যমে এগিয়ে গেলে তবেই এশিয়ার দেশগুলি সম্মিলিত ভাবে উন্নতির পথে হাঁটতে পারবে।

অ্যাক্ট ইস্ট নীতিতে নতুন গতি

সম্মেলনে ভারতের বিদেশনীতি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, গত এক দশকে ‘অ্যাক্ট ইস্ট’ নীতির হাত ধরে ভারত-আসিয়ান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এত দিন দুই পক্ষের সম্পর্ক মূলত সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহাসিক যোগাযোগের উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে সেই সম্পর্ক ছাড়িয়ে ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা এবং মহাকাশের মতো আধুনিক ক্ষেত্রেও সহযোগিতা বাড়ছে।

সম্মেলনে আসিয়ানের ঐক্য এবং কেন্দ্রীয় ভূমিকার প্রতিও ভারতের অবিচল সমর্থনের কথা জানান মোদী। তাঁর বক্তব্য, আসিয়ানের ঐক্য এবং আঞ্চলিক সহযোগিতার কাঠামোকে ভারত বরাবর গুরুত্ব দিয়ে এসেছে। ভবিষ্যতেও এই অবস্থানে কোনও পরিবর্তন হবে না।

উল্লেখ্য, আসিয়ান বা অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক সংগঠন। এর সদস্য দেশগুলির মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মায়ানমার এবং তিমুর-লেস্তে। ভারতের কাছে এই দেশগুলির গুরুত্ব শুধু বাণিজ্যিক নয়, কৌশলগত দিক থেকেও যথেষ্ট।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজর

এ বারের সম্মেলনের গুরুত্ব আরও বেড়েছে ভারত ও আসিয়ানের মধ্যে সামুদ্রিক সহযোগিতার কারণে। ২০২৬ সালকে ভারত-আসিয়ান সামুদ্রিক সহযোগিতার বছর হিসাবে পালন করা হচ্ছে। সমুদ্রপথের নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোই দুই পক্ষের অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি ২১তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনেও যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

সব মিলিয়ে ম্যানিলার মঞ্চ থেকে মোদীর বার্তা স্পষ্ট, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে চায় ভারত। বিশেষ করে চিন-আমেরিকা প্রতিদ্বন্দ্বিতা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আসিয়ানকে পাশে নিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই ভারতের অন্যতম কৌশলগত লক্ষ্য।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks