বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অনেকেই 'সেফ এক্সিট' নিয়ে দেশ ছাড়তে পারেন বলে জল্পনা চলছিল। সেই জল্পনার আগুনে এবার ঘি ঢেলে বড় দাবি করলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ১৬ ফেব্রুয়ারিই পদত্যাগ করে দেশ ছাড়তে পারেন। এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন তিনি। বাংলাদেশি সংবাদমাধ্যমে সেই দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
জুলকারনাইন নিজের ফেসবুক পোস্টে লেখেন, 'অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে। তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।' এদিকে সেফ এক্সিট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উপদেষ্টারা দেশেই থাকবেন। এমনকী সব উপদেষ্টা সাংসদদের শপথ অনুষ্ঠানে থাকবেন বলেও দাবি করেছেন।
যদিও এর আগেই প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন ১৪ ফেব্রুয়ারি সকালেই। রিপোর্ট অনুযায়ী, এই ফয়েজ আহমেদ আদতে নেদারল্যান্ডসের নাগরিক। তবে বাংলাদেশ ত্যাগ করে তিনি কোন দেশে গিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে তিনি বাংলাদেশ ত্যাগের সময় নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই ফয়েজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তবে তিনি দাবি করেছেন, কোনও দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন। বরং তাঁর দাবি, পুরনো নীতি পালটাতে তিনি 'পাগলের' মতো খেটেছেন। তাঁর আরও দাবি, যে মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন, সেটি দুর্নীতিগ্রস্ত ছিল। এবং তাতে তিনি স্বচ্ছতা এনেছেন।