...
...
Next Story

NCPI MP Kakoli in NDA Meeting: জটিলতা না কাটলেও বাড়ছে গুরুত্ব, NDA বৈঠকে মোদী-শাহের সঙ্গে সামনের সারিতে কাকলি

মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে একই সারিতে বসার সুযোগ পেলেন এনসিপিআই-এর মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার।

Published on: Jul 28, 2026, 12:28:29 IST
Advertisement

NCPI MP Kakoli in NDA Meeting: জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিল বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সংসদীয় দলের বৈঠক। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে একই সারিতে বসার সুযোগ পেলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেত্রী তথা ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই আসন বিন্যাসই দিল্লির শাসকজোটে এনসিপিআই-এর ক্রমবর্ধমান গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে।

এনডিএ-র বৈঠকে সামনের সারিতে বসার সুযোগ পেলেন এনসিপিআই-এর মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার।
এনডিএ-র বৈঠকে সামনের সারিতে বসার সুযোগ পেলেন এনসিপিআই-এর মুখ্যসচেতক কাকলি ঘোষ দস্তিদার।

সূত্রের খবর, সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডানদিকে পঞ্চম আসনে বসানো হয় কাকলি ঘোষ দস্তিদারকে। সাধারণত এই সারিতে এনডিএ-র শীর্ষ নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ শরিক দলের প্রতিনিধিরাই বসেন। ফলে কাকলির এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা শুরু হয়েছে। বৈঠকে এনসিপিআই-এর আর এক সাংসদ শতাব্দী রায়ও উপস্থিত ছিলেন।

এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হল, যখন নিট প্রশ্নফাঁস ইস্যুতে কেন্দ্রীয় সরকার বিরোধীদের তীব্র আক্রমণের মুখে। সোমবার লোকসভায় প্রশ্নফাঁস রুখতে একটি কঠোর বিল পেশ করেছে কেন্দ্র। তবে বিরোধীদের হট্টগোলের জেরে সেই বিল নিয়ে আলোচনা শুরু করা সম্ভব হয়নি। এর পাশাপাশি আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলেও প্রয়োজনীয় সংশোধন করে তা ফের সংসদে আনার প্রস্তুতি চলছে। এই পরিস্থিতিতে মোদী-শাহের উপস্থিতিতে এনডিএ-র সংসদীয় দলের বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে সোমবার রাতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই-এর লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রথমে জানা গিয়েছিল, মঙ্গলবার দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু অন্য কর্মসূচির কারণে তাঁর দিল্লি সফর বাতিল হয়। তার আগেই নবান্নে গিয়ে সুদীপের সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে।

অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদারের এনডিএ বৈঠকে প্রথম সারিতে বসা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে কালীঘাট তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় বলেন, এনসিপিআই-এর সাংসদেরা তৃণমূলের প্রতীক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটে জয়ী হয়েছেন। বিজেপির বিরোধিতা করে নির্বাচিত হওয়ার পর এখন বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন করা ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলেও অভিযোগ করেন তিনি।

সব মিলিয়ে এনডিএ-র বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের প্রথম সারিতে বসা শুধু প্রোটোকলের বিষয় নয়, বরং বর্তমান রাজনৈতিক সমীকরণে এনসিপিআই-এর অবস্থান ও গুরুত্ব নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe