...
...
Next Story

NDA Latest Update: সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে NDA! দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, এই দুই গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় শক্তি এখন এনডিএ সরকারের হাতে রয়েছে। এমনকী সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। আঠাওয়ালের এই মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Published on: Nov 17, 2026, 09:25:40 IST
Advertisement

সংসদে এবার কি পাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল? এমনই জোরালো দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠাওয়ালে। তাঁর বক্তব্য, এই দুই গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় শক্তি এখন এনডিএ সরকারের হাতে রয়েছে। এমনকী সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। আঠাওয়ালের এই মন্তব্য সামনে আসতেই জাতীয় রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ, চলতি বছরের এপ্রিল মাসে সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একই ধরনের সাংবিধানিক সংশোধনী বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার শীতকালীন অধিবেশনের আগেই রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে বলে দাবি করছেন এনডিএ নেতারা।

সংসদে এবার কি পাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল? এমনই জোরালো দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠাওয়ালে। (Jitendra Takale)
সংসদে এবার কি পাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত ডিলিমিটেশন বিল এবং মহিলা সংরক্ষণ বিল? এমনই জোরালো দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠাওয়ালে। (Jitendra Takale)

লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে জানিয়েছেন, মহিলা সংরক্ষণ এবং লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে বিশেষ সংসদীয় অধিবেশন ডাকা হতে পারে। তাঁর বক্তব্য, ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন হওয়ার কথা থাকলেও তার আগে তিন দিনের একটি বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। সেখানে মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন সংক্রান্ত সাংবিধানিক সংশোধনী পাশ করানোর চেষ্টা করবে সরকার।

আঠাওয়ালের কথায়, প্রায় ২০ থেকে ২৫ বছর অন্তর ডিলিমিটেশন হওয়া প্রয়োজন। একই সঙ্গে দেশের মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোও জরুরি। তাই দুটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। তাঁর দাবি, এই বিল পাশ করানোর মতো প্রয়োজনীয় শক্তি এখন সরকারের রয়েছে। যদিও ঠিক কোন কোন বিরোধী দল বা সাংসদ এনডিএ-কে সমর্থন করতে চলেছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

এই পরিস্থিতিতে শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি)-র অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণের বিষয়টি তাঁরা নীতিগতভাবে সমর্থন করেন। তবে কেন্দ্রের সম্পূর্ণ বিল এখনও তাঁদের হাতে পৌঁছয়নি। ফলে সব শর্ত খতিয়ে দেখার পরেই চূড়ান্ত অবস্থান জানাবেন তাঁরা। সুপ্রিয়া সুলের বক্তব্য, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি রাজ্যের জন্য ডিলিমিটেশনের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা উচিত।

উল্লেখ্য, চলতি বছরের ১৭ এপ্রিল লোকসভায় মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং আসন পুনর্বিন্যাসের সঙ্গে যুক্ত সাংবিধানিক সংশোধনী বিলটি পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় পরাজিত হয়েছিল। সেদিন ৫২৮ জন সাংসদ ভোটদানে অংশ নেন। বিলের পক্ষে ভোট দিয়েছিলেন ২৯৮ জন এবং বিপক্ষে ছিলেন ২৩০ জন। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় বিলটি পাশ হয়নি।

প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে সর্বোচ্চ ৮৫০ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি। কেন্দ্রের লক্ষ্য, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ কার্যকর করার পথ তৈরি করা।

তবে এই প্রস্তাব নিয়ে বিরোধীদের আপত্তিও রয়েছে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির আশঙ্কা, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল রাজ্যগুলি রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারে। বিরোধীদের একাংশের দাবি, ডিলিমিটেশনের অপেক্ষা না করে বর্তমান লোকসভা কাঠামোর মধ্যেই মহিলা সংরক্ষণ কার্যকর করা হোক।

সব মিলিয়ে সংসদের শীতকালীন অধিবেশনের আগে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। রামদাস আঠাওয়ালে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও বাস্তবে কোন বিরোধী দল এনডিএ-কে সমর্থন করবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে বিলের ভবিষ্যৎ নির্ভর করছে শেষ পর্যন্ত সংসদে সংখ্যার খেলায় সরকার কতটা সফল হয়, তার উপর।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks