...
...
Next Story

PUC Certificate: নতুন বিএস-৬ বাহনগুলির স্বস্তি! গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের নিয়মে বড় বদল কেন্দ্রের

PUC Certificate: গাড়ির মালিকদের সুবিধার্থে শংসাপত্র নবীকরণের (রিনিউয়াল) নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্র। এত দিন মেয়াদ ফুরোনোর কয়েক দিন আগে পিইউসি নবীকরণ করালে পুরনো শংসাপত্রের অবশিষ্ট দিনগুলি বাদ চলে যেত।

Published on: Nov 19, 2026, 23:00:42 IST
Advertisement

PUC Certificate: যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পিইউসি (PUC Certificate) পুনর্নবীকরণের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আধুনিক বিএস-৬ (BS-VI) মানের গাড়িগুলির ক্ষেত্রে শংসাপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে পুরনো গাড়িগুলির ক্ষেত্রে নিয়মিত পরীক্ষার কড়াকড়ি বহাল থাকছে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের (MoRTH) পক্ষ থেকে এই সংক্রান্ত সংশোধিত নিয়মাবলি বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর করা হয়েছে।

গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের নিয়মে বড় বদল কেন্দ্রের
গাড়ির দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্রের নিয়মে বড় বদল কেন্দ্রের

সংশোধিত সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস অনুযায়ী, ছয় বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত বিএস-৬ গাড়ির পিইউসি শংসাপত্র তিন বছর অন্তর পুনর্নবীকরণ করতে হবে। ছয় থেকে দশ বছর বয়সি গাড়ির ক্ষেত্রে এই মেয়াদ হবে এক বছর। ৬ থেকে ১০ বছর পুরনো গাড়ির ক্ষেত্রে বছরে একবার সার্টিফিকেট নবীকরণ করতে হবে। তবে দশ বছরের বেশি পুরনো যানবাহনের জন্য প্রতি ছয় মাস অন্তর দূষণ পরীক্ষা করানো বাধ্যতামূলক। বাণিজ্যিক বা পরিবহণ বাহনের ক্ষেত্রেও ছাড় মিলবে। ছয় বছর পর্যন্ত পুরনো বিএস-৬ বাণিজ্যিক গাড়ির শংসাপত্র প্রতি দুই বছর অন্তর এবং ছয় থেকে দশ বছর পর্যন্ত প্রতি বছর পুনর্নবীকরণ করতে হবে।

বিএস-৪ (BS-IV) মানের গাড়িগুলির জন্য শংসাপত্রের মেয়াদ রাখা হয়েছে ছয় মাস। অন্যদিকে, বিএস-১, বিএস-২ এবং বিএস-৩ মানের পুরনো গাড়িগুলির ক্ষেত্রে প্রতি তিন মাস অন্তর পিইউসি করাতে হবে। দশ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়িগুলির ক্ষেত্রেও ছয় মাসের নিয়ম বহাল থাকবে। গাড়ির মালিকদের সুবিধার্থে শংসাপত্র নবীকরণের (রিনিউয়াল) নিয়মেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্র। এত দিন মেয়াদ ফুরোনোর কয়েক দিন আগে পিইউসি নবীকরণ করালে পুরনো শংসাপত্রের অবশিষ্ট দিনগুলি বাদ চলে যেত। নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, পুরনো শংসাপত্রের মেয়াদ শেষ হওয়ার ১০ দিন আগের মধ্যে পুনর্নবীকরণ করা হলে নতুন শংসাপত্র আগের মেয়াদের শেষ দিন থেকেই কার্যকর ধরা হবে। তবে মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর আবেদন করলে পরীক্ষার দিন থেকেই নতুন শংসাপত্র কার্যকর হবে। পূর্বে ইস্যু করা শংসাপত্রগুলি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যখন পুনর্নবীকরণ করা হবে, তখন থেকেই এই নতুন নিয়ম তাদের ওপর প্রযোজ্য হবে।

কোন গাড়ির পিইউসি সার্টিফিকেট কতদিন বৈধ থাকবে?

বিএস-৪ ৬ মাস

বিএস-৬ ব্যক্তিগত গাড়ি (৬ বছর পর্যন্ত) ৩ বছর

বিএস-৬ ব্যক্তিগত গাড়ি (৬–১০ বছর) ১ বছর

বিএস-৬ ব্যক্তিগত গাড়ি (১০ বছরের বেশি) ৬ মাস

বিএস-৬ বাণিজ্যিক গাড়ি (৬ বছর পর্যন্ত) ২ বছর

বিএস-৬ বাণিজ্যিক গাড়ি (৬–১০ বছর) ১ বছর

বিএস-৬ বাণিজ্যিক গাড়ি (১০ বছরের বেশি) ৬ মাস

পরিবহণ বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিএস-৬ প্রযুক্তির ইঞ্জিন তুলনামূলক ভাবে অনেক কম দূষণ ছড়ায়। তাই প্রথম ছ’বছর ধরে এই গাড়িগুলির মালিকদের ঘন ঘন দূষণ পরীক্ষার কেন্দ্রের লাইনে দাঁড়ানোর ঝক্কি অনেকটাই কমল। অন্যদিকে, পুরনো প্রযুক্তির বিএস-১, বিএস-২ ও বিএস-৩ গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণের মাত্রা বেশি থাকায় সেগুলির ওপর নজরদারি বাড়াতে প্রতি তিন মাসে একবার পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। এতে পরিবেশবান্ধব আধুনিক গাড়ি ব্যবহারে উৎসাহ বাড়ার পাশাপাশি শহরের বাতাসে দূষণের রাশ টানাও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks