...
...
Next Story

Nirmala Sitharaman on Poverty: ‘গরিবি শুধু আয়ের অভাব নয়’, দারিদ্র্যের নতুন সংজ্ঞা ব্যাখ্যা নির্মলা সীতারামনের!

একটি দীর্ঘ পোস্টে নির্মলা সীতারামন দারিদ্র্যের আর্থিক ও সামাজিক দিকগুলি তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, গরিবি শুধুমাত্র উপার্জন বা মজুরির ঘাটতি নয়। কোনও পরিবারের মাথার উপর নিরাপদ ছাদ না থাকলে, বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় কিংবা চিকিৎসার সুযোগ না থাকলে সেই পরিবার আর্থিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে।

Published on: Nov 23, 2026, 10:46:31 IST
Advertisement

গরিবি বলতে কি শুধুই টাকা-পয়সার অভাব বোঝায়? নাকি মাথার উপর পাকা ছাদ, পানীয় জল, শৌচালয় এবং চিকিৎসার সুযোগ না থাকাও দারিদ্র্যের অন্যতম পরিচয়? দারিদ্র্য নিয়ে প্রচলিত ধারণাকেই এবার নতুনভাবে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর দাবি, কোনও পরিবারের আয় বাড়লেই দারিদ্র্য দূর হয় না। পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা, নিরাপদ পানীয় জল, স্যানিটেশন এবং আর্থিক সুরক্ষা না থাকলে একটি অসুস্থতাই কোনও পরিবারকে ফের দারিদ্র্যের মুখে ঠেলে দিতে পারে। নিজের LinkedIn পোস্টে মোদি সরকারের গত এক দশকের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরে এমনই দাবি করেছেন তিনি। পাশাপাশি ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে সরকারের পরবর্তী পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

‘গরিবি শুধু আয়ের অভাব নয়’, দারিদ্র্যের নতুন সংজ্ঞা ব্যাখ্যা নির্মলা সীতারামনের! (REUTERS)
‘গরিবি শুধু আয়ের অভাব নয়’, দারিদ্র্যের নতুন সংজ্ঞা ব্যাখ্যা নির্মলা সীতারামনের! (REUTERS)

প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) LinkedIn-এ প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে নির্মলা সীতারামন দারিদ্র্যের আর্থিক ও সামাজিক দিকগুলি তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, গরিবি শুধুমাত্র উপার্জন বা মজুরির ঘাটতি নয়। কোনও পরিবারের মাথার উপর নিরাপদ ছাদ না থাকলে, বিশুদ্ধ পানীয় জল, শৌচালয় কিংবা চিকিৎসার সুযোগ না থাকলে সেই পরিবার আর্থিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। একটি বড় অসুখের চিকিৎসার খরচেই পরিবারের সঞ্চয় শেষ হয়ে যেতে পারে।

নিজের দাবির সমর্থনে বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক Poverty and Equity Brief-এর পরিসংখ্যান তুলে ধরেছেন অর্থমন্ত্রী। তাঁর উল্লেখ অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে প্রায় ৪৯ কোটি ৬০ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। দৈনিক ৪.২০ ডলারের নীচে আয় করা মানুষের অনুপাত ৫৭.৭ শতাংশ থেকে কমে ১৬.১ শতাংশ হয়েছে। একই সময়ে চরম দারিদ্র্যের হার ২৭.১ শতাংশ থেকে নেমে ২.৬ শতাংশে পৌঁছেছে।

এই প্রসঙ্গে স্বচ্ছ ভারত মিশন, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করেছেন তিনি। অর্থমন্ত্রীর দাবি, জল জীবন মিশনের মাধ্যমে ২০১৯ সালে গ্রামীণ এলাকায় প্রায় ৩ কোটি পরিবারের নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ১৬ কোটি হয়েছে। স্বচ্ছ ভারত অভিযানের ফলে শৌচালয়ের সুবিধা বেড়েছে। অন্যদিকে আয়ুষ্মান ভারত চিকিৎসার খরচ সামলাতে আর্থিক সুরক্ষা দিয়েছে।

আর্থিক স্বনির্ভরতার উদাহরণ হিসেবে পশ্চিমবঙ্গের সুশ্মিতা ঘড়াইয়ের কথা তুলে ধরেছেন নির্মলা। কোভিডের সময় বাবাকে হারানোর পর তাঁদের পারিবারিক ছাপাখানার ব্যবসা বন্ধ হয়ে যায়। পরে কোনও সম্পত্তি বন্ধক না রেখেই মুদ্রা ঋণ নিয়ে ফের ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে তাঁর সংস্থায় আটজন কাজ করেন। ভবিষ্যতে ডিজিটাল প্রিন্টিং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া নাগাল্যান্ডের কিফিরে জেলার আদিবাসী মহিলা এসথারের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই মহিলা বাজরার তৈরি পণ্য অনলাইনে বিক্রি করে রাজ্যের বাইরেও ক্রেতা তৈরি করেছেন। তাঁকে আরও বড় উদ্যোগ গড়ে তুলে ‘লাখপতি দিদি’ থেকে ‘কোটিপতি দিদি’ হওয়ার স্বপ্ন দেখিয়েছেন নির্মলা।

আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্য, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে শুধু সরকারি অনুদান যথেষ্ট নয়। দরকার আরও বেশি কর্মসংস্থান, আর্থিক সহায়তা, বাজারের সুযোগ এবং ডিজিটাল অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ। সেই লক্ষ্যে ইন্টার্নশিপ, শিক্ষানবিশ প্রশিক্ষণ এবং কর্মসংস্থান-সংযুক্ত প্রকল্পের উপর জোর দিচ্ছে কেন্দ্র।

সব মিলিয়ে, দারিদ্র্য দূরীকরণে মোদি সরকারের গত দশকের কাজকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন নির্মলা সীতারামন। তাঁর বক্তব্য, শুধু মানুষকে দারিদ্র্যসীমার উপরে তোলাই নয়, তাঁরা যাতে আবার দারিদ্র্যের মধ্যে ফিরে না যান, আগামী দিনে সেটাই হবে সরকারের প্রধান লক্ষ্য।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks