...
...
Next Story

Nitin Gadkari on Ethanol Car: পেট্রোলের দিন শেষ! ১০০% ইথানলে ছুটবে গাড়ি, খরচ মাত্র ২৫ টাকা, বড় ঘোষণা নিতিন গড়করির

Nitin Gadkari on Ethanol Car: টয়োটার ইথানল চালিত ইনোভা ভারতের জন্য পরিকল্পিত প্রথম এমন গাড়ি নয়। গত জুন মাসে মারুতি সুজুকি দেশের প্রথম ফ্লেক্স-ফুয়েল যাত্রীবাহী গাড়ি চালু করেছে।

Published on: Sep 27, 2026, 20:00:49 IST
Advertisement

Nitin Gadkari on Ethanol Car: আবারও গাড়ির জ্বালানি হিসাবে ইথানলের পক্ষে জোরালো সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। তিনি জানিয়ে দিলেন, অক্টোবর মাসেই সম্পূর্ণ ভাবে ইথানল চালিত গাড়ি আসছে বাজারে। সেটি চালাতে পেট্রোলের প্রয়োজনই পড়বে না। দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, এই গাড়িটি চালানোর খরচ ২৫ টাকা প্রতি লিটার পেট্রোল চালিত গাড়ির সমান হবে।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গড়করি (PTI)
কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নিতিন গড়করি (PTI)

বিগত কয়েক মাসে যানবাহনের ইঞ্জিনের ওপর ই২০ ইথানল ব্লেন্ডিং (E20 Ethanol Blending) পলিসির প্রভাব নিয়ে সংসদে ও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক চলছে। সরকারের ই২০ ইথানল ব্লেন্ডিং পলিসির সমালোচনার জবাবে এই ঘোষণা করেন নিতিন গড়করি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, আগামী অক্টোবরে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই গাড়িটি পেট্রোলের পরিবর্তে ১০০ শতাংশ ইথানলে চলার জন্য তৈরি করা হয়েছে। তিনি দাবি করেছেন, এই গাড়িটি চলার সময়েও ৬০ শতাংশ বিদ্যুৎ উৎপন্ন করবে। সংবাদমাধ্যম ‘বিজনেস টুডে’-কে এক সাক্ষাৎকারে নিতিন গড়করি বলেছেন, ‘বিশ্বের ১৯ টি দেশে ইথানল ব্যবহৃত হচ্ছে এবং আজ পর্যন্ত ভারতের কোনও যানবাহন থেকে এই নিয়ে কোনও অভিযোগ আসেনি। অক্টোবরে আমাকে টয়োটার ইনোভা ফ্লেক্স-ফুয়েল গাড়ির লঞ্চ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটি ১০০ শতাংশ ফ্লেক্স-ফুয়েলে চলবে।'

ভারতে ইথানল নিয়ে কোনও অভিযোগ সামনে আসেনি বলে নিতিন গড়করি দাবি করলেও, ফুয়েল এফিশিয়েন্সি ও ইঞ্জিনের পারফরম্যান্সের বিষয়ে ই২০ পেট্রোলের প্রভাব নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিচ্ছে। সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে, মাইলেজ, ইঞ্জিনের স্বাস্থ্য বা রক্ষণাবেক্ষণ খরচের ওপর ই২০-র প্রভাব সম্পর্কে গাড়ি প্রস্তুতকারী সংস্থা, অটোমোবাইল অ্যাসোসিয়েশন বা কনজিউমার গ্রুপগুলির কাছ থেকে কোনও বড় অভিযোগ পাওয়া যায়নি। সরকার তার যুক্তির সমর্থনে ইঞ্জিনের ডিউরেবিলিটি এবং মেটিরিয়াল কম্প্যাটিবিলিটি বিষয়ক স্টাডিজ ও ফিল্ড ট্রায়ালের কথাও উল্লেখ করেছে।

ভারতে অন্যান্য ফ্লেক্স-ফুয়েল গাড়ি

ইথানল সংক্রান্ত ঘোষণার পাশাপাশি, নিতিন গড়করি বাইক ট্যাক্সি পরিষেবার ব্যবহার বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন। তিনি বলেন, অ্যাপ বেসড প্ল্যাটফর্মগুলি কোনও নতুন বিনিয়োগ ছাড়াই টু হুইলার মালিকদের আয়ের একটি অতিরিক্ত উৎস প্রদান করতে পারে। তিনি আরও বলেন যে, রাজ্যের পরিবহণ মন্ত্রীদের বলা হয়েছে, যেসব গ্রামীণ বাসিন্দাদের ইতিমধ্যেই টু-হুইলার গাড়ি রয়েছে, তাঁদের জন্য এই বিকল্পটি উন্মুক্ত করতে। তিনি দাবি করেন, এটি সব রাজ্যে গ্রহণ করা হলে কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

এর পাশাপাশি ইথানল উৎপাদনের মাধ্যমে কৃষকদের আয়ের সুযোগ বাড়ানোর বিষয়টিও বারবার বলেছে তিনি। মধ্যপ্রদেশের নতুন সরকারি বাস পরিষেবা উদ্বোধনের সময়ও তিনি ইথানলকে কৃষকদের জন্য শক্তির উৎস হিসেবে তুলে ধরেছিলেন। ইথানল উৎপাদন শুরু হওয়ার পর ভুট্টার দাম বেড়েছে, এও বলেছিলেন নিতিন গড়করি। পাশাপাশি, ইলেকট্রিক ও হাইড্রোজেনচালিত গাড়ির ব্যবহার বাড়ানোর কথাও বলছেন তিনি। তবে তাঁর এই ১০০ শতাংশ ইথানলের গাড়ির ভবিষ্যৎ কী, সেটাই দেখার বিষয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks