...
...
Next Story

মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ধোঁয়াশা! বিধান পরিষদ থেকে পদত্যাগ নীতীশের, জল্পনা তুঙ্গে

বহু বছর হল নীতীশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিধান পরিষদ থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

Published on: Mar 30, 2026, 11:47:00 IST
Advertisement

চলতি মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর এবার বিহারের বিধান পরিষদের সদস্য (এমএলসি) পদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সংবিধান অনুযায়ী, কোনও রাজ্যের বিধান পরিষদের সদস্য সংসদে নির্বাচিত হলে ১৪ দিনের মধ্যে যে কোনও একটি পদ থেকে ইস্তফা দিতে হয়। ১৬ মার্চ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন নীতীশ কুমার। সেই অনুযায়ী আজ, অর্থাৎ সোমবার ছিল পদত্যাগের শেষ দিন।

বিধান পরিষদ থেকে পদত্যাগ নীতীশের (HT_PRINT)
বিধান পরিষদ থেকে পদত্যাগ নীতীশের (HT_PRINT)

নীতীশ কুমারের পাশাপাশি বিহার বিধানসভার সদস্য এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনও পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় সারোগীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগ পত্র জমা দেওয়া হতে পারে। এর আগে দলের তরফে জানানো হয়, দু’জনই হয় তো সোমবার, শেষ দিনেই পদত্যাগ করবেন। বহু বছর হল নীতীশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিধান পরিষদ থেকে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। বিধান পরিষদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি রাজ্যসভার সদস্য পদে শপথ গ্রহণ করবেন। কিন্তু এরপরও তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলে খবর। এখানেও সুযোগ আছে অন্তত ছমাস নীতীশ রাজ্যের বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য না হয়েও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন। ‌ অর্থাৎ তিনি হতে পারেন সেই মুখ্যমন্ত্রী যিনি রাজ্যসভার সদস্য হয়েও কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন। কিন্তু, এখন প্রশ্ন হল কতদিন নীতীশ এই ভূমিকা পালন করবেন? ছয় মাসের মাথায় তাঁকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তেই হবে।

এদিকে আবার, আরজেডি নেতা তেজস্বী যাদব এই বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন। তাঁর দাবি যে, নীতীশ কুমার নিজের ইচ্ছায় নয়, বরং বিজেপির চাপেই রাজ্যসভায় গিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, এর মাধ্যমে জেডি(ইউ)-কে দুর্বল করার চেষ্টা চলছে। উল্লেখ্য, চলতি মাসের ৫ মার্চই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নীতীশ কুমার। তারপরেই অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দিয়ে তিনি চলতি মাসে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe