...
...
Next Story

Jensen Huang Chinese Spy Affair: চিনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া কাণ্ডে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে মামলা

সোমবার ক্যালিফোর্নিয়ার সান হোসে এলাকার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক এবং সেই সূত্রে তৈরি হওয়া জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বিনিয়োগকারীদের জানানো হয়নি।

Published on: Nov 10, 2026, 08:07:58 IST
Advertisement

চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগে আগেই বিতর্কে জড়িয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী প্রযুক্তি সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। এ বার সেই বিতর্ক আরও বড় আকার নিল। জেনসেন হুয়াং এবং তাঁর সংস্থা এনভিডিয়ার বিরুদ্ধে মামলা করলেন সংস্থারই একদল শেয়ারহোল্ডার। তাঁদের অভিযোগ, চিনের সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের পরকীয়ার সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সংস্থার কর্তারা। শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নও। এই তথ্য গোপন করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ মামলাকারীদের।

অভিযোগ, চিনের সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের পরকীয়ার সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সংস্থার কর্তারা। (via REUTERS)
অভিযোগ, চিনের সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের পরকীয়ার সম্পর্কের কথা গোপন রেখেছিলেন সংস্থার কর্তারা। (via REUTERS)

সোমবার ক্যালিফোর্নিয়ার সান হোসে এলাকার একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের হয়েছে। মামলাকারীদের দাবি, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের কথিত বিবাহবহির্ভূত সম্পর্ক এবং সেই সূত্রে তৈরি হওয়া জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা বিনিয়োগকারীদের জানানো হয়নি। এর ফলে সংস্থার ভাবমূর্তি এবং ভবিষ্যতের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কার কথা গোপন রেখে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। মার্ক কিস্টেনমাখারের নেতৃত্বে একদল শেয়ারহোল্ডার এই মামলা করেছেন। ক্ষতিপূরণ বাবদ নির্দিষ্ট কোনও অঙ্ক দাবি করা হয়নি। খবর রয়টার্সের।

কে এই অ্যালিস হুয়াং?

অ্যালিস হুয়াং সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের প্রাক্তন শীর্ষ আধিকারিক। আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, তিনি চিনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটির হয়ে কাজ করতেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে আমেরিকার কর্তৃপক্ষ অ্যালিসকে চিনা গোয়েন্দাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। তাঁর সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। তবে জেনসেন ও অ্যালিসের মধ্যে কোনও আত্মীয়তার সম্পর্ক নেই।

রবিবার সংস্থার কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন জেনসেন। সেখানে তিনি স্বীকার করেন, ৪০ বছরের বিবাহিত জীবনে স্ত্রী লরির প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই আচরণে স্ত্রী এবং সন্তানরা আঘাত পেয়েছেন বলেও জানান তিনি। তবে ওই চিঠিতে অ্যালিসের নাম উল্লেখ করেননি জেনসেন। সংস্থার কর্মী, পরিচালন পর্ষদের সদস্য এবং ব্যবসায়িক সহযোগীদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি।

তদন্তে নামছে এনভিডিয়া, চাপ বাড়াচ্ছে আমেরিকা

বিতর্কের জেরে রবিবারই স্বাধীন তদন্তের ঘোষণা করেছে এনভিডিয়ার পরিচালন পর্ষদ। বাইরের আইনি বিশেষজ্ঞদের সাহায্যে পর্ষদের একটি স্বাধীন কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখবে। যদিও সংস্থার দাবি, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ফাঁস হয়েছে, এমন কোনও প্রমাণ এখনও তাদের হাতে নেই।

এ দিকে, আমেরিকার কংগ্রেসের তিন রিপাবলিকান কমিটির চেয়ারম্যান জেনসেনকে বন্ধ ঘরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন। আগামী ১৮ নভেম্বর তাঁকে হাজির হওয়ার অনুরোধ জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, এফবিআই বিষয়টি খতিয়ে দেখছে।

অন্য দিকে, চিন এই অভিযোগ অস্বীকার করেছে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুনের দাবি, ভিত্তিহীন জল্পনার মাধ্যমে চিনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এরই মধ্যে সোমবার আমেরিকার শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ারের দাম ৪.৩ শতাংশ কমেছে। এক দিনেই সংস্থার বাজারমূল্য প্রায় ১৯ হাজার কোটি ডলার কমে গিয়েছে। ফলে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি সংস্থার ব্যবসা এবং আমেরিকার জাতীয় নিরাপত্তার প্রশ্নেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks