Indian Nvidia Techie: বিবাহ বহির্ভুত সম্পর্ক এবং সম্ভাব্য চিনা গুপ্তচর কাণ্ডে জেরবার কৃত্তিম বুদ্ধিমত্তা সংস্থা এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সমস্ত দায় মাথায় নিয়ে সিইও পদ থেকে থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সংস্থাও তাঁকে আর চাইছে বলে মনে হয় না। এই আবহে প্রাক্তন বসের মানবিক ও সহানুভূতিশীল দিকটি তুলে ধরে প্রকাশ্যে মুখ খুললেন সংস্থার এক ভারতীয় কর্মী। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থার এক উচ্চপদস্থ কর্মী জানালেন, বিপদের সময়ে তাঁর পাশে জেনসেন হুয়াং কী ভাবে দাঁড়িয়েছিলেন। কী ভাবে পালন করেছিলেন নেতার দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা কর্মী লিখছেন, ‘সে দিন বুঝেছিলাম নেতৃত্ব কাকে বলে।’

বর্তিকা সিং গত আট বছর এনভিডিয়ায় কাজ করছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর বোন মস্তিষ্কের কর্কট রোগে আক্রান্ত। ক্যালিফর্নিয়ায় নিয়ে যাওয়ার পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। একটা সময়ে মনে হচ্ছিল, তাঁকে আর দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এদিকে ঘর থেকে হাজার হাজার মাইল দূরে প্রিয়জনকে হারানোর আশঙ্কা, চিকিৎসার জটিল সিদ্ধান্ত এবং হাসপাতালের আকাশছোঁয়া খরচের চাপে তাঁদের পরিবার এক অকল্পনীয় সঙ্কটের মুখোমুখি হয়েছিল। এই অবস্থায় অপ্রত্যাশিত ভাবে সহকর্মী এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ান জেনসেন হুয়াং। অসম্ভব বলে মনে হওয়া সেই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে তিনি পরিবারকে সব রকম সাহায্য করেছিলেন। এমনকী, ব্যক্তিগত সময় বার করে বর্তিকার বোনের সঙ্গে দেখা করেছিলেন তিনি।
এই পোস্টের সঙ্গে জেনসেনের একটি ছবিও শেয়ার করেছেন বর্তিকা। তিনি জানিয়েছেন, এই ছবিটি তিনি সারা জীবন অমূল্য সম্পদ হিসেবে আগলে রাখবেন। জেনসেনের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিচারণ করে বর্তিকা আরও লেখেন, প্রাক্তন সিইও তাঁকে বলেছিলেন যে তিনি তাঁকে নিয়ে গর্বিত। বর্তিকার মতে, জেনসেনের এই কথাগুলি তাঁকে নেতৃত্বের এমন এক পাঠ দিয়েছিল, যা কোনও পেশাদার অভিজ্ঞতা থেকেই শেখা সম্ভব নয়। বর্তমান বিতর্কের কোলাহলে জেনসেনের এই মানবিক দিকটি যেন হারিয়ে না যায়, সেই আশাতেই তিনি এই পোস্টটি লিখেছেন বলে জানান। বর্তিকা এই ঘটনার কথা প্রথমে লিখেছিলেন লিঙ্কডইনে। তার পরে সদস্যদের অনুরোধে এক্স-এ তা পোস্ট করেন। সেই পোস্ট এখন প্রবল জনপ্রিয়তা পেয়েছে। বর্তিকা এখন এনভিডিয়ার স্ট্র্যাটিজিক এআই বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। সোশ্যাল মিডিয়ায় কেবল ব্যক্তিগত সহানুভূতিই নয়, এনভিডিয়ায় নিজের পেশাদার সফরে জেনসেন কীভাবে তাঁকে সাহায্য করেছিলেন, সে কথাও স্মরণ করেছেন বর্তিকা। ১৯৯৩ সালে এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরু করা জেনসেনের দীর্ঘমেয়াদি চিন্তাভাবনার অসাধারণ ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন তিনি। বর্তিকা লেখেন, জেনসেন কেবল এনভিডিয়াই গড়ে তোলেননি, বরং গবেষক, উদ্যোক্তা, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন সংস্থার এমন এক বৃহৎ পরিবেশ তৈরি করেছেন, যাঁদের ভবিষ্যৎ তাঁর দূরদর্শিতার সঙ্গে জড়িয়ে গিয়েছে।