...
...
Next Story

Nz Vs Ind Test 3rd Day: রাহুলের দুরন্ত ১৩তম টেস্ট শতরান, ৯৮-এ থামলেন গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানে এগিয়ে ভারত

শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১৫৯। ক্রিজে ছিলেন রাহুল ও দেবদত্ত পাডিক্কল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের তুলনায় তখনও ২০৯ রানে পিছিয়ে ভারত।

Published on: Nov 21, 2026, 12:42:19 IST
Advertisement

ওয়েলিংটন টেস্টে ব্যাট হাতে দাপট দেখাল ভারত। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। অর্থাৎ, প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়ে চালকের আসনে শুভমন গিলের দল। ব্যাট হাতে দুরন্ত শতরান করেছেন কে এল রাহুল। ২৯০ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। অন্য দিকে, শতরানের খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ৯৮ রানে থামতে হয়েছে ভারত অধিনায়ক শুভমন গিলকে। দিন শেষে ৫৫ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। ফলে চতুর্থ দিনে আরও বড় ব্যবধান তৈরির লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত।

রাহুলের দুরন্ত ১৩তম টেস্ট শতরান, ৯৮-এ থামলেন গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানে এগিয়ে ভারত (AP)
রাহুলের দুরন্ত ১৩তম টেস্ট শতরান, ৯৮-এ থামলেন গিল! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৮ রানে এগিয়ে ভারত (AP)

শনিবার তৃতীয় দিনের খেলা শুরু হয়েছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ১৫৯। ক্রিজে ছিলেন রাহুল ও দেবদত্ত পাডিক্কল। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের তুলনায় তখনও ২০৯ রানে পিছিয়ে ভারত। কিন্তু তৃতীয় দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য দেখান দুই ভারতীয় ব্যাটার। শুরু থেকেই উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন তাঁরা। একদিকে রাহুল সামলান কিউয়ি বোলারদের আক্রমণ, অন্য দিকে পাডিক্কলও সুযোগ বুঝে রান তুলতে থাকেন।

দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে ওঠে ১৬৫ রান। ব্যক্তিগত ৮০ রানে পাডিক্কলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কাইল জেমিসন। তবে ততক্ষণে ভারতের ভিত অনেকটাই মজবুত হয়ে গিয়েছে। পাডিক্কল মাত্র ২০ রানের জন্য শতরান হাতছাড়া করেন।

ইতিহাস গড়লেন কে এল রাহুল

এই ইনিংসে একাধিক নজির গড়েছেন কে এল রাহুল। ২৯০ বল খেলে ১৩৬ রান করেন তিনি। ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৩তম শতরান। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে শতরান করা ভারতীয়দের তালিকাতেও বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। ৫০ বছর পর ভারতীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন রাহুল। এর আগে ১৯৭৬ সালে সুনীল গাওস্কর এবং সুরিন্দর অমরনাথ নিউজিল্যান্ডের মাটিতে এই নজির গড়েছিলেন।

রাহুল আউট হওয়ার পর দায়িত্ব নিয়ে ব্যাট করেন শুভমন গিল। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভারত অধিনায়ক। তাঁর ব্যাটে একের পর এক বাউন্ডারি ও ছক্কা আসে। অর্ধশতরানও পূর্ণ করেন তিনি। গিলের ছক্কাতেই নিউজিল্যান্ডের ৩৬৮ রানের স্কোর টপকে যায় ভারত। কিন্তু শতরান অধরাই থেকে যায়। ৯৮ রানে জ্যাকব ডাফির বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। ১২তম টেস্ট শতরান থেকে মাত্র দুই রান দূরে থেমে যায় তাঁর ইনিংস।

অন্য দিকে, শুরুতে কিউয়ি পেসারদের বাউন্সারের সামনে কিছুটা সমস্যায় পড়লেও পরে নিজের ছন্দ খুঁজে পান ঋষভ পন্থ। দিনের শেষে ৫৫ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন আনশুল কম্বোজ।

উল্লেখ্য, প্রথম ইনিংসে হেনরি নিকোলসের অপরাজিত ১৭৫ এবং গ্লেন ফিলিপসের ১১৮ রানের সুবাদে ৩৬৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। ভারতের হয়ে ৪টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা। এবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ১১৮ রানে পিছিয়ে কিউয়িরা। চতুর্থ দিনে ভারতের লক্ষ্য লিড আরও বাড়ানো। অন্য দিকে, ম্যাচে ফিরতে হলে দ্রুত উইকেট তুলতেই হবে নিউজিল্যান্ডকে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks