...
...
Next Story

Parliament: 'লড়াই চলছে!' সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র, পাল্টা তোপ শাহ'র

Parliament: লোকসভার অধিবেশন চলবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। রাজ্যসভার অধিবেশন চলবে ২ এবং ৩ ডিসেম্বর। তবে ঠিক কী কী বিষয়ে চর্চা হবে তা স্পষ্ট করে উল্লেখ করেননি সংসদ বিষয়ক মন্ত্রী।

Published on: Nov 27, 2026, 21:13:57 IST
Advertisement

Parliament: সংসদের দুটি কক্ষে বিশেষ অধিবেশন বসতে চলেছে। বৃহস্পতিবার ঘোষণা করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। আর আচমকা সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলি। সাংবিধানিক নীতি লঙ্ঘনের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে তারা।

সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র
সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্র

এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে কিরেণ রিজিজু লেখেন, গুরুত্বপূর্ণ বিষয়ের চর্চা করতে লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানকে বিশেষ অধিবেশন ডাকার জন্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছে। লোকসভার অধিবেশন চলবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। রাজ্যসভার অধিবেশন চলবে ২ এবং ৩ ডিসেম্বর। তবে ঠিক কী কী বিষয়ে চর্চা হবে তা স্পষ্ট করে উল্লেখ করেননি সংসদ বিষয়ক মন্ত্রী। সংসদের অধিবেশন শুরুর আগে শুক্রবার ক্যাবিনেট বৈঠকে নারী সংরক্ষণের সঙ্গে জড়িত ডিলিমিটেশন বিল নিয়ে চর্চা হবে বলে জানা গিয়েছে। দিল্লির সেবাতীর্থে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে সব মন্ত্রীদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে ।

সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের তরফে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, ‘২০২৬ সালের ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তীর সন্ধ্যায় মোদী সরকার সীমানা পুনর্নির্ধারণ বিলগুলি জনসমক্ষে প্রকাশ করেছিল। যেগুলির পরিণতি ঘটেছিল ২০২৬ সালের ১৭ এপ্রিল রাতে। এখন সংবিধান দিবসে ‘অপারেশন লোটাস’-এর ১০৫ দিন পরে মোদী সরকার একটি বিশেষ অধিবেশন ঘোষণা করেছে, এই আশায় যে, একটি সংবিধান সংশোধনী বিল পাস করার জন্য তারা তাদের সেই অতি-কলঙ্কিত দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাবে। সংবিধানের প্রতি এর চেয়ে বড় অপমান ও আক্রমণ আর কী হতে পারে? লড়াই চলছে।’ জয়রাম রমেশের বক্তব্যকে সমর্থন জানিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করতেই বিরোধীদের এই লড়াই। এক্স-এ তিনি লেখেন, 'অবশ্যই। লড়াই শুরু হয়ে গেছে—ভারতের গণতন্ত্র বাঁচানোর লড়াই, ভারতের ঐক্য রক্ষার লড়াই এবং আমাদের সংসদের অখণ্ডতা রক্ষার লড়াই।'

রাষ্ট্রীয় জনতা দল (RJD)-এর সাংসদ মনোজ কুমার ঝা-ও বিজেপিকে কটাক্ষ করে ইঙ্গিত দিয়েছেন যে শাসকদল হয়তো বিল পাশের জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করে ফেলেছে। বিজু জনতা দল (BJD)-এর সহ-সভাপতি প্রসন্ন আচার্য ভুবনেশ্বরে বলেন, যেহেতু বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত (Prorogue) না করেই মুলতুবি রাখা হয়েছিল, তাই তাঁর দল সংসদ পুনরায় ডাকার বিষয়টি প্রত্যাশা করেছিল। সরকার আসন্ন অধিবেশনের উদ্দেশ্য এখনও স্পষ্ট না করলেও, মহিলা সংরক্ষণের সঙ্গে যুক্ত ডিলিমিটেশন বিলটি ফের আনা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী আসন্ন অধিবেশনের স্বল্প মেয়াদ নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংসদের ক্যালেন্ডার নিয়ে ৯০ দিনেরও বেশি অনিশ্চয়তার পর সরকার রাজ্যসভাকে মাত্র দুই দিন সময় দিয়েছে। প্রস্তাবিত সংবিধান সংশোধনীকে ঘিরে কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে বিরোধী দলগুলির প্রশ্ন ও সমালোচনা অব্যাহত রয়েছে।

কী বলছে বিজেপি?

বৃহস্পতিবার সংবিধান দিবসের অনুষ্ঠানে অমিত শাহ অভিযোগ করেন, মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কংগ্রেস। রাহুল গান্ধীকে উদ্দেশ করে তাঁর বক্তব্য, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংকল্প, মহিলারা সংসদ ও বিধানসভায় ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেনই। কেউ তা আটকাতে পারবেন না। অমিত শাহর কথায়, 'আমি রাহুল গান্ধীকে বলতে চাই, দেশের মহিলারা অবশ্যই ৩৩ শতাংশ সংরক্ষণ পাবেন—এটাই বিজেপি এবং আমাদের নেতা নরেন্দ্র মোদির সংকল্প। আপনারা আমাদের আটকাতে পারবেন না।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks