তাবড় সংস্থা 'ওরাকেল' বিশ্ব জুড়ে তাদের নানান অফিস থেকে কর্মী ছাঁটাই শুরু করেছে। ভারত, আমেরিকা সহ একাধিক অফিসে কর্মী ছাঁটাই করছে এই সংস্থা, দাবি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টের। রিপোর্ট বলছে, ওরাকেলের নেতৃত্বের তরফে মঙ্গলবার ভোর ৬ টার সময় মেইল আসে, চাকরি থেকে ছাঁটাইয়ের।

মেইল-এ কর্মীদের জানানো হয়েছে, ওরাকেল-এ বড়সড় বদল আনতে কর্মীদের ভূমিকা ছাঁটা হচ্ছে। একইসঙ্গে মেইলে বলা হয়েছে, যেদিন এই মেইল কর্মীরা পেয়েছেন, সেই দিনটিকেই সেইসব কর্মীদের শেষকর্ম দিবস হিসাবে দেখছে সংস্থা। রেডিট-এও এই নিয়ে তুঙ্গে চর্চা। এদিকে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, কর্মীদের এই ছাঁটাই নিয়ে আগে থেকে সংস্থার এইচআর বা অন্য কারোর তরফে কিছু বলা হয়নি। কোনও আগাম বার্তা না দিয়েই এই ছাঁটাই করা হয়েছে বলে জানানো হয়েছে।
রেডিট-এ এই নিয়ে চর্চায় একাধিকজন দাবি করছেন, সংস্থার আরএইচএস, এসভিওএসর মতো ক্ষেত্রগুলি থেকে ৩০ শতাংশ কর্মশক্তি কমানো হয়েছে।
এদিকে, জানা যাচ্ছে, ওরাকেল বহুদিন ধরেই তাদের কাঠামোগত কিছু পরবর্তনের জেরে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে চলেছে। টিডি কাউয়েনের অনুমান, ওরাকেলের ১৬২,০০০ শক্তিশালী কর্মশক্তির মধ্যে প্রায় ২০ থেকে ৩০ হাজার জনের চাকরি যেতে পারে। যা সংস্থার মোট কর্মশক্তির ১৮ শতাংশ। তার জেরে সংস্থার বহু বিলিয়ন অর্থ সাশ্রয় হবে বলেও রিপোর্টের দাবি। যে অর্থ, সংস্থার এআই ডেটা সেন্টারের কাজে লাগতে পারে বলে অনুমান করছেন অনেকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই দুই মাসে ৫৮ বিলিয়নম মার্কিন ডলারের ঋণ রয়েছে এই সংস্থার। সংস্থা আপাতত তাদের এআই সম্পর্কিত ক্ষেত্রকে ঢেলে সাজাতে চাইছে বলে রিপোর্টে ইঙ্গিত করা হচ্ছে।